Ajker Patrika

ভারতের বিপক্ষে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২০
ভারতের বিপক্ষে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের
নারী এশিয়া কাপের মতো এশিয়ান গেমসের সেমিফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছবি: ক্রিকইনফো

চীনের বিপক্ষে গতকাল না খেলেই সেমিফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ। সেমিতে কে হয় প্রতিপক্ষ, সেটাই ছিল দেখার। অবশেষে আজ তা জানা গেল। জাপানকে উড়িয়ে ভারত সেমিতে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ নারী এশিয়ান গেমস ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে করে দুবাইয়ে সদ্য সমাপ্ত ২০২৬ নারী এশিয়া কাপের সেমিফাইনালের লাইনআপটাই হয়ে গেল মেয়েদের এশিয়ান গেমস ক্রিকেটে। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশ। অপর সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান। কদিন আগে ভারতের কাছে এশিয়া কাপের সেমিফাইনালে ৪০ রানে হারের বদলা নেওয়ার মোক্ষম সুযোগ এবার পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

জাপানের চেয়ে টি-টোয়েন্টিতে যোজন যোজন এগিয়ে ভারত। নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৩ ও ৩৯ নম্বরে অবস্থান করছে ভারত ও জাপান। মাঠের ক্রিকেটেও দেখা গেল সেই চিত্র। টস হেরে আগে ব্যাটিং পাওয়া জাপান ১৯.৫ ওভার ব্যাটিং করলেও ৫৭ রানেই গুটিয়ে গেছে। জবাবে ভারত ৫ ওভারে ২ উইকেটে করে ৫৯ রান।

নিশিনে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাও জিতেছে হেসেখেলে। মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে লঙ্কানরা কেটেছে সেমিফাইনালের টিকিট। লঙ্কানদের দেওয়া ১৬১ রান তাড়া করতে নেমে মালয়েশিয়া পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ৭৪ রানে আটকে যায়। এর আগে গতকাল থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। যদিও পাকিস্তানের জিততে অনেক কষ্ট হয়েছে। ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান।

২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের ছেলে-মেয়ে উভয় দলই ব্রোঞ্জ পেয়েছে। দুই জায়গাতেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত