পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু চ্যাম্পিয়নের অপেক্ষাতেই রোমাঞ্চ ছড়ায়নি। ৪৮ দলের প্রথম বিশ্বকাপ হয়ে উঠেছে রেকর্ড, নাটক, বিস্ময়, বিতর্ক ও আবেগের এক অনন্য মঞ্চ। নতুন দলগুলোর চোখধাঁধানো পারফরম্যান্স যেমন ফুটবলকে নতুন দিগন্ত দেখিয়েছে, তেমনি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের মতো তারকারা গোলের লড়াইকে নিয়ে গেছেন শেষ দিন পর্যন্ত। এর সঙ্গে যোগ হয়েছে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প, নরওয়ের ‘ভাইকিং রো’ উদ্যাপন, যুক্তরাষ্ট্রকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কিংবা ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথে ইস্যুর উত্তাপ।
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত লড়াই ছিল গোল্ডেন বুটের দৌড়। শুরু থেকেই এমবাপ্পে, মেসি, হালান্ড ও কেইন পাল্লা দিয়ে গোল করেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে ফাইনালের আগে মেসির চেয়ে দুই গোল এগিয়ে যান। শুধু তা-ই নয়, তিনটি বিশ্বকাপ মিলিয়ে ২২ গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন। মেসির গোলসংখ্যা ২১।
তবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন হয়তো তথাকথিত ছোট দলগুলোর উত্থান। অভিষেক বিশ্বকাপ খেলেই কেপ ভার্দে গ্রুপপর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠে। এমন একটি গ্রুপ থেকে তারা জায়গা করে নেয়, যেখানে ছিল সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিলেও আফ্রিকার দেশটি সবার হৃদয় জয় করে নেয়। একইভাবে মাত্র কয়েক লাখ জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপ কুরাসাওও ইতিহাস গড়ে। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় চমক দেখায় তারা।
আর্জেন্টিনার বিশ্বকাপ-যাত্রাও ছিল রোমাঞ্চে ভরা। বর্তমান চ্যাম্পিয়নরা খুব বেশি ঝলমলে ফুটবল খেলেনি, কিন্তু বিপদের মুখ থেকে বারবার ফিরে এসেছে। কেপ ভার্দেকে হারাতে হয়েছে অতিরিক্ত সময়ে, মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ফিরেছে, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও প্রয়োজন হয়েছে অতিরিক্ত সময়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। লড়াই করে ফিরে আসার মানসিকতাই যেন তাদের সবচেয়ে বড় শক্তি।
মাঠের বাইরেও আলোচনার কমতি ছিল না। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হয় সবচেয়ে বড় বিতর্ক। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে।
পরে জানা যায়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন। এতে ফুটবল-বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। যদিও পরের ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে যুক্তরাষ্ট্র বিদায় নেয়।
অন্যদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় তুলেছেন নরওয়ের আর্লিং হালান্ড। বিশ্বকাপ চলাকালেই তাঁর ইনস্টাগ্রাম অনুসারী বেড়েছে প্রায় তিন কোটি। এখন তাঁর অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি, যা ম্যানচেস্টার সিটির অফিশিয়াল অ্যাকাউন্টের চেয়েও অনেক বেশি। নরওয়ের সমর্থকদের সঙ্গে তাঁর ‘ভাইকিং রো’ উদ্যাপন, কাল্পনিক ভাইকিং নৌকা বাওয়ার অভিনয়—বিশ্বকাপের অন্যতম প্রতীকী মুহূর্তে পরিণত হয়েছে। দেশে ফেরার সময় একটি খেলনা রাকুন নিয়ে তাঁর মজার পোস্টও ভাইরাল হয়ে যায়।
রাজনৈতিক উত্তাপও ছুঁয়ে গেছে এবারের আসর। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা বিরোধ। ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করলে নতুন করে বিতর্ক শুরু হয়। ব্রিটেন বিষয়টি তদন্তের দাবি জানায়, আর ফিফা জানায়, তারা ম্যাচ কমিশনারের প্রতিবেদন পর্যালোচনা করছে।
৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপ নিয়ে শুরুর দিকে সংশয় ছিল—ম্যাচের মান কমবে কি না, প্রতিযোগিতা একঘেয়ে হবে কি না। কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টো চিত্র। নতুন দলগুলোর সাহসী ফুটবল, বড় দলগুলোর হোঁচট, কিংবদন্তিদের শেষ নৃত্য, তরুণ তারকাদের উত্থান এবং মাঠের বাইরের নানা ঘটনা মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আসর হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

সময় ৩৯ ছুঁই ছুঁই। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি। তবু মাঠে নামলেই যেন সময় থমকে যায়। ড্রিবল, পাস, গোল, খেলার গতি নিয়ন্ত্রণ—সবকিছুতেই এখনো তিনি আলাদা। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, বয়স তাঁর শরীরকে স্পর্শ করলেও ফুটবল মস্তিষ্ককে নয়।
১৬ মিনিট আগে
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। স্পেনের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুর পাশাপাশি এখন জোরালোভাবে উঠে এসেছে মরক্কোর নির্মাণাধীন গ্র্যান্ড হাসান স্টেডিয়ামের নাম। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আয়োজক দেশগুলোর মধ্যে এ নিয
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। নিউজার্সিতে গতকাল শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা মেতে ওঠে বাঁধভাঙা উচ্ছ্বাসে। লামিনে ইয়ামাল, রদ্রি, মার্ক কুকুরেয়াদের উদযাপনের রেশ ছড়িয়ে পড়ে স্পেনের বিভিন্ন এলাকায়। শিরোপা জয়ের উদযাপন করতে গিয়ে ইউরোপের দেশটিতে ঘটেছে হতাহতের ঘটনা।
১ ঘণ্টা আগে
এবার স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলেন কুকুরেয়া। মজার বিষয় হলো, দুটি বিশ্বকাপের ফাইনালই হয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে। ২০২৫ সালের ১৪ জুলাই এই ভেন্যুতে পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল চেলসি। এক বছরের কিছু বেশি সময় পর আবারও সেই মাঠেই বিশ্বজয়ের আনন্দে মাতলেন কুকুরেয়া। তবে এবার স্পেনের জার্সিতে।
১ ঘণ্টা আগে