আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার চার দিন পরই ক্লাব ফুটবলে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই দেখালেন নিজের চেনা ঝলক। তাঁর জোড়া গোলে আজ ঘরের মাঠে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচে মায়ামির হয়ে প্রথমার্ধেই দুটি গোল করেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বিরতির পর ৪৭তম মিনিটে সুয়ারেজের সহায়তায় কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান মেসি।
এরপর নিজের দ্বিতীয় গোলটি করেন ব্যক্তিগত নৈপুণ্যে। দ্রুত পায়ের কারুকাজে ডিসি ইউনাইটেডের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কাটব্যাকে জায়গা তৈরি করেন আর্জেন্টাইন তারকা। এরপর নিখুঁত শটে বল পাঠান জালের নিচের কোণে।
এই জোড়া গোলে এমএলএসের চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে চার গোলে এগিয়ে আছেন এই ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৩ গোলও করিয়েছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
এমএলএসে টানা ১০ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তা করার কৃতিত্বও এবার প্রথমবারের মতো অর্জন করেছেন মেসি। এমন ধারাবাহিক পারফরম্যান্সে টানা তৃতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন তিনি।
ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। আগামী মাসে শুরু হতে যাওয়া প্লে অফে শীর্ষ চার দলের একটি হয়ে ঘরের মাঠে খেলার সুবিধা পাওয়ার লক্ষ্যেও এগিয়ে গেল দলটি। গত মৌসুমের শিরোপা ধরে রাখার আশাও আরও শক্ত হয়েছে।
বুধবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। ওই ম্যাচে গোল করে দেশের জার্সিতে নিজের গোলসংখ্যা নিয়ে যান ১২৬-এ। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ গোল।
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে আপাতত থামছেন না মেসি। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।
মেসির আন্তর্জাতিক বিদায় নিয়ে চলতি সপ্তাহে মায়ামির আর্জেন্টাইন কোচ ক্রিস্তিয়ান গনসালেস বলেন, ‘আর্জেন্টিনার জার্সিতে তাঁকে অবশ্যই মিস করবে সবাই। তবে এখন সে আমাদের সঙ্গে আছে। তাই এই মুহূর্তে তাকে আমাদের সঙ্গে পাওয়ার আনন্দটা উপভোগ করতে হবে।’

দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
১৯ মিনিট আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
২ ঘণ্টা আগে