Ajker Patrika

ভারতের বিপক্ষে নামিবিয়ার গুরুতর অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ০৭
ভারতের বিপক্ষে নামিবিয়ার গুরুতর অভিযোগ
নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নামিবিয়া। ছবি: ক্রিকইনফো

বিপরীত অবস্থা থেকে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নামিবিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত জয় দিয়ে শুরু করলেও নামিবিয়া হোঁচট খেয়েছে নিজেদের প্রথম ম্যাচেই। সুপার এইটে উঠতে নামিবিয়া যখন ‘ডু-অর-ডাই’ অবস্থায়, সেই মুহূর্তে তারা স্বাগতিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। ম্যাচের আগের দিন নামিবিয়ার প্রতিনিধি হয়ে অধিনায়ক গেরহার্ড ইরাসমাস সাংবাদিকদের কাছে ভারতকে নিয়ে অভিযোগ করেছেন। ভারত অনুশীলনের বেশি সুযোগ পেলেও নামিবিয়া তা পায়নি বলে দাবি ইরাসমাসের। নামিবিয়া অধিনায়ক বলেন, ‘এই ম্যাচের (ভারত-নামিবিয়া) আগে আমাদের রাতের অনুশীলন করার সুযোগ হয়নি। জানি না এর কারণ কী। আমার ধারণা ভারত দুটি অনুশীলন সেশন পেয়েছে।’

আইসিসির পূর্ণ সদস্যের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা রয়েছে নামিবিয়ার। যার মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিক্টোরিয়ার জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানে জিতে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও হুংকার ছুড়েছেন ইরাসমাস। ভারত-ম্যাচের আগে গতকাল সাংবাদিকদের নামিবিয়া অধিনায়ক বলেন, ‘কানাডাকেও দেখলাম রাতে অনুশীলন করতে। যেভাবে তারা চাচ্ছে সবকিছু হচ্ছে। তবে আমরা নামিবিয়ার মতো করে দেখিয়ে দেব। আমরা লড়াই করে যাব।’

টি-টোয়েন্টিতে নামিবিয়া এখন পর্যন্ত দুটি দিবারাত্রির ম্যাচ খেলেছে। এই দুই ম্যাচই হয়েছে অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বড় টুর্নামেন্ট না এলে নামিবিয়া যে দিবারাত্রির ম্যাচ খেলার সুযোগ পায় না, সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। ইরাসমাস বলেন, ‘নামিবিয়ায় আমাদের দিবারাত্রির ম্যাচ খেলার সুযোগ হয় না। অবকাঠামোগত দিক থেকে আমাদের জন্য চ্যালেঞ্জিং। নেপাল প্রিমিয়ার লিগ, আইএল টি-টোয়েন্টি ও বিশ্বকাপে যেসব ক্রিকেটারদের খেলার সুযোগ রয়েছে, তাদের ফ্লাডলাইটের অধীনে অনুশীলনের সুযোগ থাকে না।’

দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারতেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের নেট রানরেট ‍+১.৪৫০। +০.৩৫৬ নেট রানরেট নিয়ে তিনে ডাচরা। গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলে দুটিতেই হেরেছে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত