Ajker Patrika

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক
আইসিসির শাস্তি পেয়েছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ছবি: ক্রিকইনফো

আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের মনোমালিন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই ক্রিকেটাররা তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেন। কখনোবা আম্পায়ারদের দিকে তোলেন অভিযোগের আঙুল। একই কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ওয়াসিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর আম্পায়ারিং পক্ষপাতদুষ্ট হয়েছে বলে অভিযোগ করেছিলেন আমিরাত অধিনায়ক।

মাঠের আম্পায়ার বুদ্ধি প্রধান ও বিনয় কুমার, তৃতীয় আম্পায়ার দুর্গা সুবেদি এবং চতুর্থ আম্পায়ার সঞ্জয় সিগদেল অভিযোগ করেছেন। ম্যাচ রেফারি ওয়েন্ডেল ল্যাবরয় জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন ওয়াসিমকে। আমিরাত অধিনায়ক দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

কাঠমান্ডুর কীর্তিপুরে ২১ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় নেপাল-আরব আমিরাত। সেই ম্যাচে ইনিংসের প্রথম বলে ওয়াসিম এলবিডব্লিউর শিকার হয়েছেন নেপাল পেসার হেমন্ত ধামির বলে। সঙ্গে সঙ্গেই তিনি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। আকার-ইঙ্গিতে বোঝাতে চান যে বলটি লেগ সাইডের বাইরে দিয়ে যাচ্ছে।

ওয়াসিমের অসন্তোষ প্রকাশের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়ে আমিরাত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান করেছে। এই রান তাড়া করে ২৫ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় নেপাল। সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ারিং নিয়ে অভিযোগ তোলেন ওয়াসিম।

আইসিসির আচরণবিধির ২.৭ অনুচ্ছেদ অনুযায়ী এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় ওয়াসিমের বিরুদ্ধে। এক নম্বর ধারা ভঙ্গের ন্যূনতম শাস্তি সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটা তাঁর প্রথম অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত