Ajker Patrika

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না শান মাসুদ। ছবি: সংগৃহীত

আঙুলের ব্যথা নিয়ে তারুবায় প্রথম টেস্টে খেলেছিলেন শান মাসুদ। দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের পরাজয়ের। দ্বিতীয় টেস্টের দলেও তাঁর নাম আছে। কিন্তু চোটে পড়ায় এই ম্যাচে মাসুদের মাঠা নামা হচ্ছে না।

মাসুদের বাঁ হাতের তর্জনীতে (ইনডেক্স ফিঙ্গার) চিড় ধরা পড়েছে বলে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। বাঁহাতি ব্যাটার হওয়ায় তাঁর জন্য ব্যাটিং করা কঠিন। স্ক্যান ও দলের মেডিকেল প্যানেলের মূল্যায়নের পর পিসিবি নিশ্চিত করেছে, সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর খেলা হচ্ছে না। কবে ফের মাঠে নামতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গেই থাকবেন এবং তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চালিয়ে যাবেন।

ওয়েস্ট ইন্ডিজ থেকেই দলের সঙ্গে ইংল্যান্ডে উড়াল দেবেন মাসুদ। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ১৯ আগস্ট লিডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাঁর খেলা নির্ভর করবে সুস্থ হয়ে ওঠা এবং চিকিৎসকদের অগ্রগতির মূল্যায়নের ওপর। এই সিরিজে তিন টেস্ট খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। লর্ডসে ২৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় তথা শেষ টেস্ট এজবাস্টনে মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর।

তারুবায় প্রথম ইনিংসে জেডেন সিলসের একটি বল শান মাসুদের তর্জনীতে আঘাত করে। এরপরও মাসুদ ইনিংস চালিয়ে যান এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৯ রান করেন। চোটে পড়ায় দ্বিতীয় ইনিংসে মাসুদ নামেন আট নম্বরে। মাত্র ৩ রান করেছেন এবার। চোটে পড়ায় কার্যত এক হাতেই ব্যাটিং করেন এবং বাঁ হাতে খুব বেশি চাপ দিতে পারেননি।

দ্বিতীয় টেস্টে মাসুদের পরিবর্তে পাকিস্তানের সামনে তিন ব্যাটার থেকে একজনকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আবদুল্লাহ শফিক ও সৌদ শাকিলকে নেওয়া হয়েছে। যেখানে প্রথম টেস্ট শুরুর আগের দিন কোমরে চোট পাওয়ায় আবদুল্লাহ ফজল সিরিজ থেকে ছিটকে যান। তার পরপরই নেওয়া হয় শফিক ও শাকিলকে। আছেন মিডল-অর্ডার ব্যাটার আওয়াইস জাফর। যাঁর আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি।

৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত