টি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি

টি-টেনে শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড় দেখল ভক্তরা। ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটার। তাঁর ব্যাটিং তাণ্ডবের দিনে ৪০ রানের জয় তুলে নিয়েছে এমিরেটস ঈগলস।
হেটমায়ারের সেঞ্চুরিতে ভর করে ১০ ওভারে ১৪৭ রান তোলে ঈগলস। এরপর ইউনাইটেড টাইগার্সকে ১০৭ রানে অলআউট করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রাঞ্চাইজিটি।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঈগলস। তবে হেটমায়ারের ৩৯ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় দলটি। কাইল মায়ার্স আউট হওয়ার পর অ্যালেক্স হেলস চোটের কারণে মাঠ ছাড়লে হাল ধরেন হেটমায়ার। ডেভিড উইসেকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়ে পাল্টে দেন ম্যাচের চিত্র।
৯ চার ও ৮ ছক্কায় ইনিংস সাজান হেটমায়ার। ২৬১.৫৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আবুধাবি টি-টেনের এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। চলতি আসরে ১০ ইনিংসে তাঁর সংগ্রহ ৪২৮ রান। অন্য প্রান্তে উইসেও ছিলেন দারুণ আক্রমণাত্মক। ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি; স্ট্রাইক রেট ২৫০।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগার্স। তৃতীয় ওভারে হায়দার রাজ্জাকের বলে ক্রিস গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ৭ রান করে ফেরেন সাহিবজাদা ফারহান।
ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ২৬ বলে ৪৫ রান করেন তিনি। ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন ফখর। অষ্টম ওভারে টাইমাল মিলসের বলে বোল্ড হয়ে থামেন এই ব্যাটার। মিলস ১ উইকেট নেন ১৩ রান খরচায়।
জো ক্লার্ক ১১ বলে ১৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে টবি আলবার্টের হাতে ক্যাচ দেন। বোল্টের শিকার ১ উইকেট, খরচ ২৩ রান। ফাহিম আশরাফ ৭ বলে ২০ রান করলেও হিলাল আফগানের বলে ডেভিড উইসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
বল হাতে উইসেও ছিলেন কার্যকর। ১৪ রান দিয়ে ইফতিখার আহমেদ ও আব্বাস আফ্রিদিকে ফেরান তিনি। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এমিরেটস ঈগলস। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড টাইগার্স ও তৃতীয় স্থানে থাকা ইউএই বুলসের পয়েন্ট সমান হয়েছে। ১০ ম্যাচ শেষে তালিকার শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ইয়াস লায়ন্স।









