Ajker Patrika

ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৩: ৩৩
ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার
গোল করে এভাবেই উদযাপন করেছেন আলেক্সিস মাক আলিস্তার। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। ছয় ম্যাচের ছয়টিতে জিতে তারা উঠে গেছে সেমিফাইনালে। সেমিতে ওঠার পথেই আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস মাক আলিস্তারের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এটা পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

কানসাসে গতকাল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করেন মাক আলিস্তার। গোলের পর দুই হাত চোখের সামনে নিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো করে মাক আলিস্তার নেচেছেন। এই উদযাপনের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে মজার তথ্য জানিয়েছেন ২৭ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘‘একটি টিকটক ভিডিও দেখে নেচেছিলাম। প্রথমে আমার স্ত্রী সেটা পাঠিয়েছিল আমাকে। এরপর নিকো গনসালেস আর আমি ভিডিওটা দেখে বললাম, ‘যে-ই গোল করি, আমাদের এটা করতেই হবে।’ এরপর দুজনের মধ্যে চুক্তি হলো: যে গোল করবে, সে এই কোরিওগ্রাফিটি করবে।’

কোয়ার্টারে গোলের পর পরিকল্পনা অনুযায়ী নাচেন মাক আলিস্তার। সামাজিক মাধ্যমে ভাইরাল নাচটি দেখার সময় তিনি হাসছিলেন কি না, জানা নেই। তবে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডারের কথায় বোঝা গেছে, তাতে খুব মজা পেয়েছেন তিনি। মাক আলিস্তার বলেন, ‘আমি জানি না সবচেয়ে ভালোভাবে নাচতে পেরেছি কি না, জানি না। তবে যা-ই হোক, কাজ তো হয়ে গেছে।’

গোল উদযাপনেই শুধু মাক আলিস্তারের নাচটি সীমাবদ্ধ ছিল না। সুইসদের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত হওয়ার পর দর্শকদের সামনে উদযাপনের সময় সেই নাচ নাচেন তিনি। ঘটনার বিস্তারিত ব্যাখ্যায় ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘নিকোলাস বারবার আমাকে এটা করতে উসকাচ্ছিল। আর শেষ পর্যন্ত এটা অভ্যাসে পরিণত হয়ে গেল।’

আটলান্টায় পরশু বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। বিশ্বকাপে ষষ্ঠ সেমিফাইনাল খেলার আগে একটা পরিসংখ্যান দেখে আর্জেন্টিনা নিশ্চয়ই স্বস্তিতে থাকতে পারে। অতীতে যে পাঁচ সেমিফাইনাল খেলেছে, প্রত্যেকটিতেই তারা ফাইনালে উঠেছে। ১৯৯০ ও ২০১৪ সালে আর্জেন্টিনা দুইবারই রানার্সআপ হয়েছে জার্মানির কাছে হেরে। আর ১৯৭৮, ১৯৮৬ ও সবশেষ ২০২২—এই তিনবার আর্জেন্টাইনরা ইউরোপীয়দের হারিয়ে জিতেছে। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ১৯৮৬ ও ২০২২ সালে জার্মানি ও ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আকাশী-নীলরা।

পরশু আটলান্টায় হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে দুই দলেরই সমানে সমানে জয়ের সম্ভাবনা দেখছে অপ্টা সুপারকম্পিউটার। এই ম্যাচে ইংল্যান্ড ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫০.৯৪ ও ৪৯.০৬ শতাংশ দেখাচ্ছে সুপারকম্পিউটার। আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ২১.৯৪ শতাংশ। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে ২০.৫৫ শতাংশ।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি করেছেন ৬ গোল। বিশেষ করে ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ বত্রিশে ইংল্যান্ডের বিদায় যখন এক রকম নিশ্চিত, ৭৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। তাঁর সতীর্থ জুড বেলিংহামও করেছেন ৬ গোল। আর মেসি এবার ৮ গোলের পাশাপাশি ২ গোলে অ্যাসিস্ট করেছেন। কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করেছেন। তবে ৩ অ্যাসিস্ট করায় গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি সবার ওপরে।

৬ ম্যাচের ৬টি জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডও অপরাজিত। ইংলিশরা গ্রুপ পর্বে শুধু ঘানার বিপক্ষে ড্র করেছিল। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগেই ছড়াচ্ছে উত্তাপ। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত