Ajker Patrika

১১ বছর পর ফিরছেন রোনালদিনিও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৫: ০৫
১১ বছর পর ফিরছেন রোনালদিনিও
২০১৫ সালে সবশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন রোনালদিনিও। এবার তিনি খেলতে যাচ্ছেন ইতালির ক্লাব রাভেন্নার হয়ে। ক্লাবটির ১০ নম্বর জার্সি গতকাল উঁচিয়ে ধরেন তিনি। ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

৪৬ বছর বয়সী ব্রাজিলের কিংবদন্তির ঠিকানা এখন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না। গতকাল রাভেন্নার একটি সমুদ্রসৈকতে গতকাল আনুষ্ঠানিকভাবে রোনালদিনিওকে পরিচয় করানো হয়েছে। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়াতেও এই কিংবদন্তিকে দেখতে রাভেন্না লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রায় ৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন সমুদ্রসৈকতে। দিনটি পরিচিতি পেয়ে গেছে ‘রোনালদিনিও ডে’ নামে।ক্লাবের ১০ নম্বর জার্সি উঁচিয়ে ধরেন দর্শকদের উদ্দেশ্যে।

‘রোনালদিনিও ডে’র দিন যে রোনালদিনিওকে দেখতে হাজার হাজার ভক্ত-সমর্থক উপস্থিত হয়েছেন, অবসর ভেঙে এই কিংবদন্তির ফেরার আলোচনা না হয়ে কি পারে। তাঁর কাছে জিজ্ঞেসও করা হয়েছিল এ ব্যাপারে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড উত্তর দিয়েছেন একটু কৌশলে, ‘জানি না (অবসর ভেঙে ফেরা)। খেলার বিষয়টা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে ভালো লাগছে।’

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত রোনালদিনিওর গোল ২৮০ থেকে ২৯৯। ৩০০ গোলের কাছাকাছি থাকা এই ফুটবলার মাইলফলক ছুঁতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে আশা ছাড়ছেন না ব্রাজিলের এই কিংবদন্তি। রোনালদিনিও গতকাল বলেন, ‘আমার ফিটনেস কেমন, বুঝতেই পারছেন। অনেক ভালো আছি। যদি ৩০০ গোল করতে পারি, সেটা আরও দারুণ কিছু হবে।’

প্রতিযোগিতামূলক ফুটবলে সবশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন। বার্সেলোনা, পিএসজি, এসি মিলান, আতলেতিকো মিনেইরো, ফ্লুমিনেন্স, কেরেতারো, ফ্লামেঙ্গো, গ্রেমিওর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ব্রাজিলের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৯ গোলে। ২০০২ বিশ্বকাপের পাশাপাশি ব্রাজিলের হয়ে জেতেন কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপও।

ফ্লুমিনেন্সের হয়ে ২০১৫ সালে খেলার পর বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালও খেলেছেন রোনালদিনিও। তবে প্রদর্শনী এবং ফুটসালগুলো প্রতিযোগিতামূলক ফুটবল ধরা হয় না। এবার ১১ বছর পর তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার রেজিয়ানার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরি ‘সি’র নতুন মৌসুম শুরু করবে রাভেন্না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত