Ajker Patrika

‘ইংল্যান্ড-ব্রাজিলকে হারানো আমার কাছে অনেক গর্বের বিষয়’

ক্রীড়া ডেস্ক    
‘ইংল্যান্ড-ব্রাজিলকে হারানো আমার কাছে অনেক গর্বের বিষয়’
২০২২ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল ক্রোয়েশিয়া। ছবি: সংগৃহীত

৯ বছর তো একেবারে কম সময় নয়। ক্রোয়েশিয়ার দায়িত্বে দীর্ঘ এই সময়ে কত স্মৃতিই জমা হয়েছে তাঁর। বলা হচ্ছে এখানে জ্লাতকো দালিচের কথা। বিশ্বমঞ্চে কোনো শিরোপা না জিতলেও ক্রোয়াট ভক্তদের মনে রাখার মতো অনেক উপলক্ষ এনে দিয়েছেন। অবশেষে আজ তিনি পদত্যাগ করেছেন।

দীর্ঘ ৯ বছরে ক্রোয়াটরা দালিচের অধীনে একবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ২০১৮ সালে। সেবার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয়েছিল ক্রোয়াটরা। ফাইনালে ওঠার আগে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়েছিল ক্রোয়াটরা। শুধু এখানেই শেষ নয়, সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপেও ক্রোয়েশিয়া সেমিফাইনালে ওঠে ব্রাজিলকে হারিয়ে। যদিও আর্জেন্টিনার কাছে হেরে সেমিতেই থেমে যায় ক্রোয়াটদের পথচলা।

আজ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে দালিচের পদত্যাগের কথা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন। বিদায়বেলায় পুরোনো স্মৃতিচারণ করেন তিনি। ৯ বছরের দায়িত্ব শেষে পদত্যাগের পর এক বিবৃতিতে সদ্য সাবেক হওয়া এই ক্রোয়াট কোচ বলেন, ‘প্রতিটি জয়, বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জন, তিনটি পদক এবং ক্রোয়েশিয়ান ফুটবলের সেই স্মরণীয় রাতগুলো—যেমন বিশ্বকাপে ইংল্যান্ড ও ব্রাজিলকে হারানো—এসব নিয়ে আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর দালিচের অধীনে ক্রোয়েশিয়া খেলে ১১১ ম্যাচ। এই সময়ে রেকর্ড ৬২ ম্যাচে জয় পায় ক্রোয়াটরা। তাঁর অধীনে ২০ ম্যাচ ড্র করে ক্রোয়াটরা। হারে ২৯ ম্যাচ। ২০২২–২৩ উয়েফা নেশনস লিগেও রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। পদত্যাগের পর দালিচ বলেন, ‘যখন আমি জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলাম, তখন খেলোয়াড়দের সামর্থ্য এবং নিজের ওপর আমার বিশ্বাস ছিল। কিন্তু প্রায় নয় বছরে আমরা এত কিছু অর্জন করব—এমন স্বপ্ন দেখারও সাহস আমার ছিল না।’

বিদায়বেলায় দালিচকে ধন্যবাদ জানিয়ে তিনি কীভাবে দলকে এত দূর নিয়ে এসেছেন, সেটার প্রশংসা করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রধান কোচ। জয়, সফলতা, বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জন, পদক, দলের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মাঠের ভেতরে ও বাইরে ক্রোয়েশিয়ার জন্য আপনার অবিচল নিষ্ঠা ও লড়াইয়ের মানসিকতার জন্য।’

৩ জুলাই টরন্টোতে পর্তুগালের কাছে ২-১ গোলে শেষ বত্রিশেই বিদায়ঘণ্টা বেজে যায় ক্রোয়েশিয়ার। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচটাও খেলে ফেললেন লুকা মদরিচ। ২০১৮ সালে ক্রোয়াটদের রানার্সআপ দলের অংশ ছিলেন তিনি। সেবার তিনি জিতেছিলেন গোল্ডেন বলের পুরস্কার। পেয়েছিলেন ব্যালন ডি’অরও।

ক্রিস্টিয়ানো রোনালদোরও বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হলো সোনালি ট্রফি না জিততে পারার আক্ষেপ নিয়েই। পরশু ডালাসে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতেই বিদায়ঘণ্টা বেজে যায় পর্তুগালের। আজ তিনি ব্যক্তিগত বিমানে করে দেশে ফিরেছেন। আর কোয়ার্টার ফাইনালে উঠে যাওয় স্পেন মাঠে নামবে পরশু। বাংলাদেশ সময় লস অ্যাঞ্জেলেসে রাত ১১টায় শুরু হবে স্পেন-বেলজিয়াম শেষ আটের ম্যাচ।

কোয়ার্টার ফাইনাল অবশ্য শুরু হচ্ছে আগামীকাল। বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। ১১ জুলাই মায়ামিতে তৃতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে নরওয়ে-ইংল্যান্ড। শেষ আট শেষ হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে। ১২ জুলাই কানসাস সিটিতে মাঠে গড়াবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত