Ajker Patrika

ফুটবলারদের নিয়ে স্লোগানের শাস্তি চান রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৯
ফুটবলারদের নিয়ে স্লোগানের শাস্তি চান রোনালদো
ফুটবলারদের নিয়ে স্লোগানে খেপেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ভালো হলে প্রশংসা, খারাপ পারফরম্যান্সে দর্শকদের দুয়োধ্বনি—খেলোয়াড়দের জীবনটা যে এমনই। ক্রিস্টিয়ানো রোনালদো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এবার তিনি খেপেছেন তাঁর ওপর ঘটা কোনো ঘটনা নিয়ে নয়। প্রয়াত দিয়োগো জোতার নামে স্লোগান দেওয়ায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

জোতাকে নিয়ে স্লোগানের ঘটনা ঘটেছে গত পরশু সৌদি প্রো লিগের আল হিলাল-আল তাওউন ম্যাচে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল তাওউনের ঘরের মাঠে দর্শকদের একাংশ আল হিলালের মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন। প্রতিবাদ জানাতে দেরি করেননি রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ইনস্টাগ্রামে এক পোস্টে লিগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখেছেন, ‘এটা আর ফুটবল থাকছে না। একটা সীমা তো থাকা দরকার। যারা এমন আচরণ করে, তাদের ভবিষ্যতে কখনোই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জামোরায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান জোতা। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ২৮ বছর। সেই দুর্ঘটনায় মারা যান তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও। নেভেস তাঁর ঘনিষ্ঠ বন্ধু জোতার শেষকৃত্যে কফিনও বহন করেছিলেন। আল তাওউনের দর্শকদের স্লোগান নজরে আসে নেভেসের। স্লোগানের জবাবে আল হিলাল মিডফিল্ডার আকাশের দিকে ইঙ্গিত করেন।

আল তাওউনের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে ৬-০ গোলে জেতে আল হিলাল। নেভেস কোনো গোল করতে না পারলেও একটি গোলে অ্যাসিস্ট করেন। ম্যাচ শেষে তিনি কথা বলেছেন জোতাকে নিয়ে দেওয়া স্লোগান ইস্যুতেও। মিক্সড জোনে আল হিলাল মিডফিল্ডার বলেন, ‘আশা করি, এই ঘটনার পর তারা ফের ক্ষমা চাইবে না।’

৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আল হিলাল। দুইয়ে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৭। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। প্রত্যেকেই সমান সাতটি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত