
ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।
কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর যখন মেসি সংবাদ সম্মেলনে কথা বলতে যান, তখন তাঁর কপাল ফোলার বিষয়টি স্পষ্ট হয়েছে। মায়ামিতে মূলত দ্বিতীয়ার্ধে ফাউলের শিকার হয়ে পড়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাঁটুতে মাথায় আঘাত লাগায় এই ফোলাটি তৈরি হয়।ম্যাচের বাকি সময়ে বারবার সেখানে হাত দিয়ে মেসি বোঝাতে চাচ্ছিলেন, কতটা আঘাত তিনি পেয়েছেন।
মায়ামিতে আজ কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বড় কোনো চোটের খবর শোনা যায়নি। তবে মেসির মাথা ফোলার ব্যাপারটি অনেকের নজরে এসেছে। দ্বিতীয়ার্ধে ম্যাচ যখন ১-১ সমতায়, তখন আর্জেন্টাইন অধিনায়ককে পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউল করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। তাঁর হাঁটুর সঙ্গে মাথায় আঘাত পাওয়াতে কপাল লাল হয়ে যায়। খেলা শেষে বের হয়ে যাওয়ার সময় প্রদাহনাশক (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি) ওষুধ এবং বরফ ব্যবহার করেন তিনি।
৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের দিনে মেসি একগাদা রেকর্ড গড়েছেন। দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের রেকর্ডটাও মেসি করতে পারতেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যারাডোনার অ্যাসিস্ট আটটি। তবে আজ ১১১ মিনিটের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে গোল লেখা হলেও পরে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। যার ফলে অ্যাসিস্ট আর মেসির নামে লেখা হয়নি।
রুদ্ধশ্বাস জয়ের দিনে আর্জেন্টিনার গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। যার মধ্যে মেসি ২৯ মিনিটে গোল করেছেন মার্তিনেসের অ্যাসিস্টে। এই মার্তিনেস গোল করেছেন ৯২ মিনিটে। আর কেপ ভার্দের গোল দুটি ৫৯ ও ১০৩ মিনিটে করেছেন দেরয় দুয়ার্তে ও সিদনি লোপেস কাবরাল।
রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনার শেষ ষোলোতে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। ডালাসে গত রাতে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ।

শেষ বত্রিশ শেষ হতে না হতেই রাতে শুরু হচ্ছে শেষ ষোলো। সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। নকআউট পর্বের এই রাউন্ডে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।
৮ মিনিট আগে
আবারও আলোচনায় লিওনেল মেসি। যে মেসি মাঠে নামলেই রেকর্ডের ডালি সাজিয়ে বসেন, তাঁকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ক ভাইরাল হয়েছেন নারী সাংবাদিককে চুমু দিয়ে। এমনকি তাঁর সঙ্গে মজার এক কথাও বলেছেন মেসি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।
২ ঘণ্টা আগে
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তাই হয়েছে। মায়ামিতে আজ শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। এ ধরনের ম্যাচ চাইলেও ভুলে যেতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে