
জাদুকরী ফুটবলে বছরের পর বছর ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন লিওনেল মেসি। আর রেকর্ড ভাঙা তো তাঁর কাছে সবচেয়ে সহজ কাজ। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে একগাদা রেকর্ড লিখিয়ে নিয়েছেন নিজের নামে।
মায়ামিতে আজ নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা গোল পেয়েছে ৩০ মিনিটের মধ্যেই। গোলটা করেছেন রেকর্ডের বরপুত্র মেসি। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস রিসিভ করে মাত্র ৭ গজ দূর থেকেই গোল করে মেসি ওলটপালট করে দিলেন রেকর্ড বইয়ের পাতা। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল পেয়েছেন মেসি। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের পর চলমান বিশ্বকাপের চার ম্যাচেই গোল পেয়েছেন তিনি।
প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি। সবশেষ কাতার বিশ্বকাপে নকআউটের চার ম্যাচের পর আজ শেষ বত্রিশেও গোল পেলেন তিনি। এমনকি আর্জেন্টাইন তারকা ফুটবলার ভেঙে দিয়েছেন পেলে, কিলিয়ান এমবাপ্পেরও রেকর্ড। বিশ্বকাপের নকআউট পর্বে ১২ গোলে অবদান রেখেছেন মেসি। করেছেন ৬ গোল ও অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পেলে, এমবাপ্পে—দুজনেরই বিশ্বকাপ নকআউটে ১১ গোলে অবদান রয়েছে।
কেপ ভার্দের বিপক্ষে গোল করে এবারের বিশ্বকাপে মেসির গোল সংখ্যা হলো ৭। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে তাঁর গোল এখন ২০। যার মধ্যে অধিনায়ক হিসেবে করেছেন ১৯ গোল। এটাও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। আর আজ মায়ামিতে মাঠে নেমে বিশ্বকাপে সর্বোচ্চ ৩০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।
২০২৩ সাল থেকে ইন্টার মায়ামি মেসির ‘দ্বিতীয় পরিবার’। মায়ামির হার্ডরক স্টেডিয়ামকে মেসির ঘরের মাঠ বলা যেতেই পারে। রেকর্ডগুলো গড়তে ঘরের মাঠকেই বেছে নিলেন তিনি। তাঁর গড়ার দিনে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে কেপ ভার্দেকে। যার মধ্যে আর্জেন্টিনাকে এক গোল উপহার দিয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেস। প্রথমে গোলটা আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে লেখা হলেও পরে সেটা বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। আলবিসেলেস্তেদের গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস।
রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনার শেষ ষোলোতে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। গত রাতে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ।

আবারও আলোচনায় লিওনেল মেসি। যে মেসি মাঠে নামলেই রেকর্ডের ডালি সাজিয়ে বসেন, তাঁকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ক ভাইরাল হয়েছেন নারী সাংবাদিককে চুমু দিয়ে। এমনকি তাঁর সঙ্গে মজার এক কথাও বলেছেন মেসি।
৬ মিনিট আগে
বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।
১ ঘণ্টা আগে
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তাই হয়েছে। মায়ামিতে আজ শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। এ ধরনের ম্যাচ চাইলেও ভুলে যেতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।
২ ঘণ্টা আগে