
গণিতশাস্ত্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত ‘ফিল্ডস মেডেল’ অর্জন করেছেন চীন থেকে উঠে আসা দুই তরুণ গণিতবিদ। প্রায় এক শতাব্দী ধরে সমাধানহীন থাকা অত্যন্ত জটিল দুটি গাণিতিক সমস্যার সমাধান করে তাঁরা এই ইতিহাস গড়েছেন। ফিল্ডস মেডেলের দীর্ঘ ইতিহাসে এই প্রথম চীন থেকে পড়াশোনা শুরু করা কোনো নাগরিক এই মর্যাদাপূর্ণ পদক পেলেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী হং ওয়াং এবং ৩৭ বছর বয়সী ইউ ডেং-এর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁদের সঙ্গে যৌথভাবে এ বছর এই পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জেকন জিমারম্যান।
জয়ী চার গণিতবিদের প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) পুরস্কারের অর্থ পাবেন। চার বছর মেয়াদে একবার দেওয়া এই পদককে গণিত বিশ্বের ‘নোবেল পুরস্কার’ সমতুল্য মনে করা হয়।
হং ওয়াং সমাধান করেছেন ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত একটি বিখ্যাত গাণিতিক তত্ত্বের। তিনি ও তাঁর সহকর্মী জোশ জাহল গবেষণায় দেখিয়েছেন, একটি পেনসিলকে ত্রিমাত্রিক স্থানে ঘোরালে তা সবচেয়ে কম কতটুকু স্থান দখল করতে পারে।
হং ওয়াং ফিল্ডস মেডেল বিজয়ী বিশ্বের মাত্র তৃতীয় নারী গণিতবিদ। তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় মাখোঁ লেখেন, ‘তিনি (ওয়াং) আমাদের গবেষণা ও প্রশিক্ষণব্যবস্থার শ্রেষ্ঠত্বের প্রতীক।’
অন্যদিকে, ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ইউ ডেং সমাধান করেছেন জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের ১৯০০ সালে উত্থাপিত ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’। একক কণার চলাচলের ওপর ভিত্তি করে কীভাবে পুরো ব্যবস্থার আচরণ হিসাব করা যায়—গ্যাসের আচরণের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তা উন্মোচন করেন ডেং।
দুই তরুণের এই বিশ্বজয় চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো এবং রেডনোটে ফিল্ডস মেডেল-সংক্রান্ত খবর ও হ্যাশট্যাগগুলো কোটি কোটি মানুষ দেখেছেন।
প্রথম জাতিগত চীনা হিসেবে ফিল্ডস মেডেল জয়ী প্রখ্যাত গণিতবিদ শিং-তুং ইয়াউ চীনা সংবাদমাধ্যমকে বলেন, “চীনা গণিত সম্প্রদায়ের জন্য এটি এমন এক স্বপ্ন, যা আমরা বহু দশক ধরে বাস্তবায়নের অপেক্ষায় ছিলাম।”
১৯৯১ সালে চীনের গুয়াংশি অঞ্চলের গুইলিন শহরে জন্ম নেওয়া হং ওয়াং প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণি ডিঙিয়ে মাত্র ১৬ বছর বয়সে দেশটির শীর্ষস্থানীয় পেকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে তিনি ফ্রান্সের পারিস-সুদ বিশ্ববিদ্যালয় ও একোল পলিটেকনিক থেকে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান এমআইটি থেকে ডক্টরেট অর্জন করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের গবেষণাপ্রতিষ্ঠান আইএইচইএসে অধ্যাপনা করছেন।
অপর বিজয়ী ইউ ডেং ২০০৭ সালে পেকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ২০০৯ সালে এমআইটিতে চলে যান। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে ২০২৪ সাল থেকে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
চল্লিশ বছরের কম বয়সী অসাধারণ গণিতবিদদের অবদানের স্বীকৃতি দিতে প্রতি চার বছর পর আন্তর্জাতিক গণিত ইউনিয়ন (আইএমইউ) ফিল্ডস মেডেল দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কম্পিউটার প্রযুক্তির দ্রুত বৃদ্ধির এই যুগে মানুষের গাণিতিক চিন্তাশক্তির এই স্বীকৃতি বিশ্বজুড়ে বিশেষভাবে মূল্যায়িত হচ্ছে।

মঙ্গলের দুই চাঁদ তথা উপগ্রহ ফোবোস ও ডিমোসে গিয়ে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার মিশনের প্রস্তুতি নিচ্ছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁদের আশা, এসব নমুনা সৌরজগতের উৎপত্তি এবং পৃথিবীতে প্রাণের আবির্ভাবের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।
২ দিন আগে
আজ থেকে ১০০ কোটি বছর পর আমাদের সৌরজগতের শক্তির অন্যতম উৎস সূর্যের জ্বালানি ফুরিয়ে আসতে শুরু করবে এবং এটি প্রসারিত হয়ে এক লোহিত দানবে পরিণত হবে। আর তখন পৃথিবীর মহাসাগর ও বায়ুমণ্ডল পুড়ে বিলীন হয়ে যাবে এবং একটা পর্যায়ে সূর্য পুরো পৃথিবীকেই গ্রাস করে ফেলতে পারে।
৫ দিন আগে
পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক দৃশ্য। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে দিনের আলো কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে যাবে, আকাশে ফুটে উঠবে সূর্যের আবছা করোনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরু পথটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের এক
৭ দিন আগে
প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কম্পিউটারের কোড দিয়ে সম্পূর্ণ নতুন প্রাণ বা কৃত্রিম জীব তৈরির পথে এক বিশাল ধাপ এগোলেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইতিহাসে প্রথমবারের মতো একটি অণুজীবের পূর্ণাঙ্গ জিনোম (ডিএনএ নকশা) তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
১২ দিন আগে