
জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া বিরোধী দলে আর কোনো দল রয়েছে কি না—এমন প্রশ্ন তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এ প্রশ্ন তোলেন তিনি।
এ সময় গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। ‘সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে’—এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সমাবেশে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনি আপনার বক্তব্যের অডিও-ভিডিও বারবার দেখুন, আপনি কী বলেছেন? যখন চারদিকে সমালোচনা ও তদন্তের দাবি উঠল, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে মিন করেননি, উগ্রবাদীদের মিন করেছেন। কিন্তু আপনার কথাতেই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। সাংবাদিক যখন নারী অধিকার ও মর্যাদার প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করলেন যে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে, তখন আপনি বললেন—“বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দিইনি।”’
জামায়াতের সেক্রেটারি জেনারেল যোগ করেন, ‘আপনি যতই ব্যাখ্যা দিন যে—কোনো দলকে মিন করেননি, জাতীয় সংসদে বিরোধী দল তো একটাই। আপনি নাম হয়তো জামায়াতে ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? আপনি বলছেন—তারা বিরোধী দলে থাকলেও তাদের আমরা মেইনস্ট্রিমে আসতে দিইনি। অর্থাৎ আপনি মেইনস্ট্রিম বলতে পার্লামেন্ট নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনার এই কথা থেকেই জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই প্রমাণ করতে হবে—বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল কি আছে?’
বিচার বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্যকে আপনারা পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন।’
সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই, এই বক্তব্যকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, চিন্তাশীল সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এ কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদের আমরা মেইনস্ট্রিমে আসতে দিইনি। এই কথার অর্থ কী? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়, আপনারা সঠিক ব্যাখ্যা দিন—সংসদে বিরোধী দলে জামায়াতে ইসলামী ছাড়া কারা আছে?’
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের উদ্দেশে পরওয়ার বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আপনার বিরুদ্ধে। অথচ তাঁদেরই সরকারে আপনি যোগ দিলেন...এর অর্থ হলো, উপদেষ্টা থাকাকালীন আপনি বর্তমান সরকারি দলের যথেষ্ট উপকার করেছেন এবং নির্বাচনে বিজয়ী করে সরকারে আনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে, পুরস্কার হিসেবে আপনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এটা জাতি বুঝতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। গঠন হয়েছে এ প্ল্যাটফর্মের জাতীয় সাংগঠনিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে প্রকাশিত ‘এনসিপির যাত্রা’ বইয়ে দলটির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন জাতীয় ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি গবেষণা এবং বই লেখা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপিকে নিয়ে রচিত বই ‘এনসিপির যাত্রা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি চুক্তিগুলো করার সময় জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।
১১ ঘণ্টা আগে