
বাজেটের ওপর প্রণয়ন করা বই সবাই পড়েন না উল্লেখ করে পাবনা-১ আসনের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, ‘এই ডকুমেন্ট আমরা পড়িও না, পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ, এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্ট্যাম্পের।’
আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন নাজিবুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনা করার ব্যবস্থা করতে হবে।’
নাজিবুর রহমান বলেন, ‘আমরা সংসদ সদস্যরা যে বাজেট নিয়ে বিতর্ক করছি, বাস্তবে সেই বাজেট প্রণয়নে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে বাজেট প্রণয়নের সংসদ সদস্যদের আরও বেশি সম্পৃক্ততা থাকে।’ তিনি বলেন, ‘যুক্তরাজ্যে অর্থবিল সংসদের স্থায়ী কমিটির পরীক্ষা-নিরীক্ষার পর ফ্লোরে আনা হয়। অন্যান্য অনেক দেশে সাধারণ আলোচনার পর বাজেট বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে তা পুনরায় সংসদে আসে। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন করেন আমলারা। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজির মধ্যে।’
নাজিবুর রহমান বলেন, ‘সরকারদলীয় সদস্যরা এই বাজেটকে যুগান্তকারী বলছেন। আসলেই কি? গত এক দশকের বাজেটগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে, কিছু সংখ্যা ও ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগতভাবে বড় কোনো পরিবর্তন হয়নি। আমি দুঃখের সঙ্গে বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের মতোই গতানুগতিক, শুভংকরের ফাঁকি, গণবিরোধী আর আগামী বছরের লুটপাটের পরিকল্পনা।’ তিনি বলেন, ‘এই বাজেটকে তাই মূল্যস্ফীতি হিসাব করলে সবচেয়ে বড় বাজেট বলা যাবে না। এটা বরং সবচেয়ে বড় ঘাতটি বাজেট, সবচেয়ে বেশি লোন-নির্ভর বাজেট।’
নাজিবুর রহমান বলেন, ‘কর আছে ২ ধরনের, প্রত্যক্ষ আর পরোক্ষ কর। ১৮ কোটি লোকের দেশে প্রত্যক্ষ কর দেন মাত্র ২৪ লাখ লোক। প্রত্যক্ষ করের ক্ষেত্রেও অনেক চালাকি করা হয়েছে। মধ্যবিত্তদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। পরোক্ষ কর দেন ধনী-গরিব নির্বিশেষে দেশের সবাই। ভ্যাটের আওতা আপনারা বাড়িয়েছেন, গ্যাস সিলিন্ডারসহ ২০টি পণ্যের ওপর ভ্যাট বেড়েছে। এই ভ্যাট একজন ভিক্ষুক চাল ডাল নুন তেল কিনতে যে পরিমাণ দেয়, একজন কোটিপতিও একই পরিমাণ দেয়। এটা কি তাহলে গরিববান্ধব বাজেট হলো? অনেক কার্ডই দিচ্ছে সরকার, একটা ভ্যাট মওকুফ কার্ড যদি গরিব মানুষের জন্য দিতেন, তাহলে ভালো হতো।’
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘সুদের অভিশাপ থেকে জাতিকে বাঁচাতে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা অভাবগ্রস্ত হই, তাহলে পর্যায়ক্রমে সুদ থেকে বের হয়ে আসতে হবে। আমরা পদক্ষেপ নিই, আল্লাহ সাহায্য করবেন ইনশা আল্লাহ। এ ক্ষেত্রে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, ‘এখন দেশে যেভাবে লুটপাট হয়, জনগণ তো সরকারকে জাকাত নিয়ে বিশ্বাস করবে না। সরকার এক ইসলামী ব্যাংকে হাত দিল, আর জনগণ সাত দিনে ৪ হাজার কোটি টাকা উঠিয়ে নিল। যাক সেটা অন্য বিষয়। এ জন্য আমার প্রস্তাব হলো, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরও গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করতে হবে।’
নাজিবুর রহমান বলেন, ‘এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিও করা হয়েছে। আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতা-কর্মীদের আমরা করতে দেখেছি। আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।’

এক-এগারোর সময় নিজের ওপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেবেন না—বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের কথা উল্লেখ করে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার ওই নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন।
২ ঘণ্টা আগে
সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি...
২ ঘণ্টা আগে
জামায়াত সমর্থক ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। সেই সঙ্গে বর্তমান সরকারের গত চার মাসে তাঁদের সবগুলো নথি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন.....
১ দিন আগে