Ajker Patrika

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

এক-এগারোর সময় নিজের ওপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেবেন না—বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের কথা উল্লেখ করে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার ওই নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন।

মোসাম্মৎ শাম্মী আক্তার বলেছেন, ‘প্রতিশোধ না নেওয়া মানে বিচারহীনতা নয়। আমরা চাই, এক-এগারোর সময় প্রধানমন্ত্রীর ওপর যে নির্যাতন সংঘটিত হয়েছে, এ ঘটনার মুখোশ উন্মোচন করা হোক। এ ঘটনার বিচার দাবি করছি। বিচার না হলে পরবর্তীতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি।’

আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মোসাম্মৎ শাম্মী আক্তার এ দাবি জানান।

নিজ নির্বাচনী এলাকা (হবিগঞ্জ-৪) সীমান্তবর্তী উল্লেখ করে মোসাম্মৎ শাম্মী আক্তার বলেন, ‘এ কারণে সীমান্ত দিয়ে অবাধে মাদক আসতেছে। মাদকের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাই, অভিযান চালিয়ে মাদক বন্ধ করতে না পারলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে।’

সংরক্ষিত আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য মারজিয়া বেগম বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হলেও সেই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে এবং সাধারণ মানুষ সুফল পাচ্ছে কি না, সেটিই বড় প্রশ্ন। তিনি বলেন, ‘হাসপাতালগুলোয় বেড নেই, ডাক্তার নেই, ওষুধ ও যন্ত্রপাতি নেই; অন্যদিকে স্বাস্থ্য খাতের বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে যায়। সমস্যাটা কি আমাদের অর্থের, নাকি ব্যবস্থাপনার দুর্বলতা?’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব দেন মারজিয়া বেগম। নিজ জেলা লক্ষ্মীপুরের ৫০ শয্যার হাসপাতালের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী আসে; হামের প্রাদুর্ভাবে একই বেডে দুই-তিন শিশুকে থাকতে হচ্ছে। নির্মাণাধীন ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবি জানান তিনি।

কুমিল্লা-৭ আসনের বিএনপির সংসদ সদস্য আতিকুল আলম কিডনি ডায়ালাইসিস, হার্টের রিং ও চোখের লেন্সের ওপর কর প্রত্যাহারের প্রশংসা করেন। পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ ধরে মারজিয়া বেগম বলেন, ২৫০ টাকায় ডায়ালাইসিস হয় কি না, তা নিয়ে তাঁর সন্দেহ আছে। তাঁর পরিবারের সদস্যদের ডায়ালাইসিসের খরচের উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি সেশনে প্রায় ৫ হাজার ৬০০ টাকা খরচ হচ্ছে।

পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোসলেহ উদ্দীন ফরিদ দাঁড়িয়ে বলেন, ২০২১ সাল থেকে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ১১ হাজারের বেশি রোগীকে ২৫০ টাকায় এবং ১৮ হাজারের বেশি রোগীকে ৪০০ টাকায় ডায়ালাইসিস দেওয়া হয়েছে।

এর আগে নাজিবুর রহমান বলেন, ‘বাজেট দেওয়ার আগে একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আদ্-দ্বীন হাসপাতালে গরিব মানুষদের ২৫০ টাকায় কিডনি ডায়ালাইসিস করা হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পর গরিব মানুষ, রিকশাওয়ালাদের কান্না, আহাজারি আমরা দেখেছি। গরিবদের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বন বন্ধ করে ডায়ালাইসিস ফিল্টারের অগ্রিম কর মওকুফকে গরু মেরে জুতা দান বললে কি খুব অন্যায় হবে?’

দিনাজপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য সাদিক রিয়াজ বাজেটকে জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বলেন। মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদক পার্শ্ববর্তী দেশ থেকে আসছে এবং যুবসমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন আইন করতে হবে, যাতে তারা দ্রুত জামিনে বের হতে না পারে। মাদককে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার দাবি জানান সাদিক রিয়াজ।

সংরক্ষিত আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার বাজেট আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা এবং ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যার ঘটনা তুলে ধরে দ্রুত বিচার দাবি করেন। তাঁর প্রশ্ন, ‘এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কী আয়োজন রয়েছে?’ বাজেটকে ‘জনতুষ্টিমূলক’ বললেও বাস্তবায়নের স্পষ্ট পথনির্দেশ নেই বলে মন্তব্য করেন তিনি।

সরকারি দলের সদস্যরা সমালোচনা সহজভাবে নিতে পারছেন না অভিযোগ করে সাবিকুন্নাহার বলেন, ‘আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তৈলমর্দনের সংস্কৃতি থাকবে না।’ তিনি বলেন, ‘২০২৬ সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়; বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সীমিত সক্ষমতা।’

সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য সুলতানা আহমেদ বাজেটকে ‘ঐতিহাসিক, স্বনির্ভর, যুগান্তকারী’ বলে মন্তব্য করেন। নারীদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণসুবিধা, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান, স্টার্টআপ ফান্ড এবং ফ্রিল্যান্সারদের কর সুবিধার কথা তুলে ধরেন তিনি। অবকাঠামো খাতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাকে অর্থনৈতিক করিডর তৈরির উদ্যোগ বলেন সুলতানা।

বগুড়া-১ আসনের বিএনপির সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বাজেটকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ বলে মন্তব্য করেন। নিজ এলাকায় যমুনা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাজেটকে ‘গণমানুষের বাজেট’ বলেন। নারায়ণগঞ্জ দেশের জিডিপিতে বড় অবদান রাখে দাবি করে তিনি বলেন, তারপরও জেলাটি ‘বি ক্যাটাগরি’ হিসেবে আছে। নারায়ণগঞ্জকে ‘এ ক্যাটাগরি’ জেলা এবং মেট্রোপলিটন সিটি করার দাবি জানান তিনি। ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্রুত চালু, রূপগঞ্জে কৃষিজমি ভরাট বন্ধ, বাসাবাড়ির গ্যাস লাইন বৈধকরণ এবং এলপিজি সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার দাবি জানান তিনি।

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবর বলেন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজের ৯০ শতাংশ কাজ শেষ হলেও বাকি কাজ না হওয়ায় তা মানুষের সেবায় আসতে পারছে না। এটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ উপকৃত হবে। গোপালগঞ্জ আই হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, ট্রমা সেন্টার ও নার্সিং ইনস্টিটিউটের জনবল সংকটের কথাও তুলে ধরেন তিনি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ইউনিট ও কার্ডিয়াক ইউনিট চালু, রামদিয়া তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানা করা এবং গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির ভ্যাকসিন প্ল্যান্ট ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত