কাল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে কৃষক দল

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে নির্যাতনের পর হত্যার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। এসব ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।
একই সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দল নেতা জুয়েল আরমানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।
আজ বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ দিন পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এসব ঘটনার নিন্দা জানান।
কৃষক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও প্রতিবাদ মিছিল করবে সংগঠনটি।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, খুন-খারাবির মাধ্যমে দেশে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী সব সময় সক্রিয় রয়েছে। রাজু মোল্লাকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা তারই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দিতে হবে। তিনি রাজু মোল্লার হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্যদিকে কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে জানান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে এই দুই নেতা বলেন, দেশে অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। জুয়েল আরমানের ওপর হামলা সেই তৎপরতারই অংশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নৈরাজ্য ও অস্থিতিশীলতা প্রতিরোধে সরকারকে সন্ত্রাস দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।








