Ajker Patrika

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

  • এক দশক ধরে বিএনপির জাতীয় কাউন্সিল হয়নি। চলতি বছর করার আভাস
  • অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠন চলছে মেয়াদোত্তীর্ণ ও আংশিক কমিটি দিয়ে
  • এসব সংগঠন ঢেলে সাজানোর তাগিদ, কমিটিগুলো পুনর্গঠন করার উদ্যোগ চলছে
  • যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দলের কমিটি মেয়াদোত্তীর্ণ
  • নতুনরা চান তরুণ নেতৃত্ব। পুরোনোরাও অভিজ্ঞতা দিতে বহাল থাকতে চান পদে
রেজা করিম, ঢাকা
এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। এমন আভাস দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

দলের নেতারা বলছেন, জাতীয় কাউন্সিল ও সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাসে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অঙ্গ সংগঠনগুলোর মধ্যে চাঙাভাব এসেছে। এসব দলে গতিসঞ্চারে ভূমিকা রাখবে। এতে দল সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।

বিএনপির অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠন দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও আংশিক কমিটি দিয়ে চলছে বলে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কমিটি পুনর্গঠনের আভাসে সেই হতাশা কাটছে। তরুণ নেতারা যেমন পদপ্রত্যাশী, তেমনি বর্তমানে নেতৃত্বে থাকা পুরোনো নেতারাও পদ ধরে রাখতে চান।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছে ১০ বছর আগে ২০১৬ সালের মার্চে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯টি পদের মধ্যে বর্তমানে বহাল আছেন মাত্র ১৪ জন। বাকি পাঁচটি পদ শূন্য। আবার দলের অনেক নেতা এখন সরকার ও সংসদে দায়িত্ব পালন করছেন। ফলে সাংগঠনিক কাজে তাঁদের সময় কমেছে। এ অবস্থায় সপ্তম জাতীয় কাউন্সিল করার আভাস দিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা। তাঁরা মনে করছেন, জাতীয় কাউন্সিল আয়োজন দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাঙা করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত এপ্রিলের শুরুতে সাংবাদিকদের বলেছেন, জাতীয় কাউন্সিল করতে অন্তত কয়েক মাস লাগবে। তাঁরা খুব দ্রুত দলকে কাউন্সিলের দিকে নেওয়ার চেষ্টা করবেন।

তবে জাতীয় কাউন্সিলের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বিএনপির একাধিক নীতিনির্ধারক।

জানতে চাইলে গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই বছরে (জাতীয় কাউন্সিল) হবে। এমন চিন্তাভাবনা রয়েছে। তারিখ এখনো ঠিক হয়নি।’

জাতীয় কাউন্সিলের জন্য পরিবেশ অনুকূলে রয়েছে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাউন্সিল আমরা করব। কিন্তু এটা করার একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই আমরা এই কাজটা করব।’

বিএনপির সূত্র বলছে, দলের অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠন দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও আংশিক কমিটি দিয়ে চলছে। সম্মেলন বা নতুন কমিটি না হওয়ায় কোনো কোনো সংগঠনে এক যুগ ধরে বহাল রয়েছে একই নেতৃত্ব। ফলে সংগঠনগুলোর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন নেতৃত্বের বিকাশ ঘটছে না।

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণার দেড় বছর পরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জাতীয়তাবাদী মহিলা দলে প্রায় ১০ বছর ধরে একই নেতৃত্ব। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এক যুগের বেশি সময় ধরে নতুন নেতৃত্ব পায়নি। জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বশেষ কাউন্সিল হয়েছে ২০১৪ সালে।

মাঠের রাজনীতির প্রাণশক্তি জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বশেষ কমিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয়ে সংগঠনটির নেতৃত্ব ও কার্যকারিতা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে। ছাত্রদলে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্বের দাবি উঠেছে।

দলীয় সূত্র বলছে, সরকার গঠনের পর বিএনপির অনেক শীর্ষ নেতা মন্ত্রী হয়েছেন। অনেকে সংসদ সদস্য, সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যুবদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অনেকে সংসদ সদস্য বা মন্ত্রী। ফলে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তাঁরা সাংগঠনিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। আবার দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে একদিকে হতাশা বাড়ছে, অন্যদিকে বাড়ছে অভ্যন্তরীণ কোন্দল।

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, সম্মেলন না হওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও কোন্দলের কারণে সাংগঠনিক যে দুর্বলতা তৈরি হয়েছে, এর সুযোগ নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলো বিএনপির বিরুদ্ধে প্রচারণামূলক আক্রমণ জোরদার করেছে। এ অবস্থায় সংগঠনগুলো চাঙা করার তাগিদ উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ মেয়াদে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ধরে রাখতে নিয়মিত কাউন্সিল ও নেতৃত্ব নবায়ন অপরিহার্য। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপি যদি দ্রুততম সময়ে তরুণ ও যোগ্যদের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিতে পারে, তবে দলে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলা করা সহজ হবে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখা একাধিক নেতা আলাপকালে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তারেক রহমানের চাওয়া, আগামীর নেতৃত্ব আসবে নবীন ও প্রবীণের সমন্বয়ে। সংগঠনগুলোর নেতৃত্বপ্রত্যাশীরাও তাঁদের চাওয়া দলের চেয়ারম্যানকে জানিয়েছেন।

সূত্র বলেছে, বর্তমানে যাঁরা সংগঠনগুলোর নেতৃত্বে আছেন, তাঁরা আরও সময় নেতৃত্বে থাকতে চান। কারণ হিসেবে তাঁরা বলছেন, দল রাষ্ট্রক্ষমতায় থাকায় তাঁরা তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের জন্য ভালো কিছু দিতে পারবেন, যা নতুন নেতৃত্বের পক্ষে সম্ভব হবে না। আবার নতুন যাঁরা নেতৃত্বে আসতে চান, তাঁদের দাবি–পুরোনোদের ভালো করার সম্ভাবনা নেই। বর্তমান বাস্তবতা বিবেচনায় সংগঠনকে নতুন করে সাজাতে একেবারে তরুণ-তাজা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের আভাসে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত (সিভি) প্রস্তুত করা এবং বিগত দিনের ত্যাগের ইতিহাস হাইকমান্ডের কাছে পৌঁছানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল নিয়েও কাজ শুরু হয়েছে। বলাবলি হচ্ছে, পবিত্র ঈদুল আজহার পরপরই সংগঠনগুলোতে নতুন কমিটি দেওয়া হবে। অবশ্য এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি বিএনপির দায়িত্বশীল নেতারা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘সঠিক সময়ে সংগঠনগুলোতে হাত দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী কমিটিগুলো পুনর্গঠন হবে।’

ঈদুল আজহার পর নতুন কমিটি হতে পারে কি না, এমন প্রশ্নে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ঈদুল আজহা বলে কথা না। কমিটি হবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আমরা কমিটি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত