নুসরাতের বাবার বিরুদ্ধে মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন এনসিপির মিডিয়া সম্পাদক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
আজ শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে আজকের পত্রিকার সঙ্গে এক ফোনালাপে ইয়াসির আরাফাত বলেন, ‘এটি স্পষ্টতই একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এ মামলার আসলে কোনো ভিত্তি নেই। যতটুকু জানতে পেরেছি, বাদী এ ধরনের মামলার সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। এখন ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন খুন, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে, এ মামলাটিও তারই একটি অংশ।’
ইয়াসির আরাফাত আরও বলেন, ‘আমরা হতাশ হয়েছি, পুলিশ ও প্রশাসন এ ধরনের মামলা গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও হয়রানির সুযোগ করে দিয়েছে। ফ্যাসিবাদী আমলেও দেখেছি, যিনি ভুক্তভোগী, তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁকেই হেনস্তা ও হয়রানি করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনা নিন্দনীয়।’
নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে ইয়াসির আরাফাত বলেন, ‘যার বাড়িঘর আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে, এখন তাঁর বিরুদ্ধেই কোথা থেকে একজন ব্যক্তিকে নিয়ে এসে মামলা করানো হয়েছে। আমি স্পষ্ট মনে করি, এখানে প্রশাসনের এক ধরনের যোগসাজশ রয়েছে। এক বছর আগের একটি সাজানো অভিযোগের বর্ণনা সামনে এনে আজকে হওয়া মামলাটি তাই প্রমাণ করে।’
এ মামলার বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিবাদ জানানোর কথা উল্লেখ করে ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাব। দলের নেতারাও এ বিষয়ে কথা বলছেন। এ মামলা আমরা মানব না। কারণ, মামলাটি ভিত্তিহীন।’
আজ শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে বাদী বর্তমানে ওই এলাকায় বসবাস করেন না। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
এর আগে গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে তিনি দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির প্রধান করা হয়েছে কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামকে। আগামীকাল রোববার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।











