সরকারের মধ্যে ফ্যাসিবাদী ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না তিনি। তবে সরকারের মধ্যে ফ্যাসিবাদী ভাইরাসের অনেক লক্ষণ ফুটে উঠেছে।
আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং একটি ভাইরাস হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই ভাইরাস যাকে পায়, তাকেই ধরে। এর কিছু লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।’
জামায়াত আমির বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে।’
শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু কোটা সংস্কার ছিল না, বরং রাষ্ট্র সংস্কার। ওই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল—সব ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকারসহ সব ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে, এমন প্রত্যাশা ছিল আন্দোলনকারীদের।
শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ সবাই ওই আন্দোলনে অংশ নিয়েছিল। সবাই তখন সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছিল। জামায়াত তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। বর্তমান সরকারি দলও আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে এসব বিষয় উল্লেখ করেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি এবং এর ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
গণভোটের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা যায় না। আপনারা যদি গণতান্ত্রিক দল হয়ে থাকেন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় অগ্রাহ্য করতে পারেন না।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এই নির্বাচনে আর কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে আমরা সুযোগ দেব না।’ জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি।
ডিসেম্বর মাসজুড়ে দলের বিভিন্ন কর্মসূচি থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এটা কাউকে ঠেকানোর জন্য নয়, তাদের ঠেকানোর দরকার নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য নেতারা।









