বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই।
আজ শনিবার জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকেরা দক্ষতা ও যোগ্যতায় বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। বরং তাঁদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। তবে বিপুল জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসক ও চিকিৎসাসেবার পরিধি এখনো পর্যাপ্ত নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে আরও বেশি চিকিৎসক তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।
চিকিৎসকেরা রাজনীতির শিকার হওয়ায় দেশের স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকেরা তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ করার সুযোগ পেলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র আরও উন্নত হতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এসব ইউনিটের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ প্রচারণা চালানো গেলে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।










