বিএনপির বিজয় দিবসের সমাবেশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মহান বিজয়ের মাস উদ্যাপনে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের আয়োজন করেছে দলটি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে সমাবেশের উদ্ধোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তী সময়ে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে নয়াপল্টনে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।
যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।









