Ajker Patrika

বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫২
বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান
ঢাকা-১৭ এর বনানী কামাল আতাতুর্ক মাঠে জনসভায় কথা বলছেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারে রাজধানীতে বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নিজের আসন ঢাকা-১৭-এর বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভা দিয়ে ঢাকায় নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি।

জনসভায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপিকে আপনারা সুযোগ দিন। আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে।’

তারেক রহমান আরও বলেন, ‘দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না। এই দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। নিজের ঘর যে রকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে।’

নিজের জন্য ভোট চেয়ে ঢাকা-১৭ আসনের ভোটারদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই এলাকায় প্রার্থী ছিলেন খালেদা জিয়া। আমি এবার প্রার্থী। আমাদের নেত্রী খালেদা জিয়া এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন। এই এলাকার সঙ্গে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে।’

বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, কী পরিকল্পনা, তা সংক্ষিপ্তভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, ‘নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছে শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চেষ্টা করেছি, আমরা সেভাবে দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি তৈরি করেছি, যাতে আগামী ১২ তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ইনশা আল্লাহ আমাদের সরকার গঠনে করলে আমরা দেশের প্রত্যেকটি মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করতে পারব।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, এখন আমাদের দেশ গড়ার কাজে হাত দিতে হবে। সেই কাজ হচ্ছে, রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে।’

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রায় ২০ কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা সন্তান আছে, আমাদের যুবক আছ, তরুণ আছে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদের সুন্দরভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তা-ঘাট সংস্কার করতে হবে। আমরা শুধু গত ১৫ বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, মেগা মেগা দুর্নীতি হয়েছে... এই অবস্থার পরিবর্তন করতে হবে। সে জন্য আমরা জনগণের সমর্থন চাই।’

বনানীর পথসভার পর ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, এরপর পর্যায়ক্রমে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের আসনে বাসাবো তরুণ সংঘ মাঠে, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের জুরাইন দয়াগঞ্জ রোডে, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের ধূপখোলা মাঠে এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের লালবাগ বালুর মাঠের পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

সারা দেশে নির্বাচনে প্রচারণা শেষে করে গতকাল রোববার ঢাকা মহানগরে প্রচারণা শুরু করেন তারেক রহমান। গতকাল তিনি ঢাকার ৭টি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

সাত আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত