
গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণা না চালাতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী গণভোটের পক্ষ নেওয়া যে ‘দণ্ডনীয় অপরাধ’, তা তুলে ধরে জনমতকে প্রভাবিত না করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তা, মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে চিঠি পাঠানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের তরফে প্রচার চালানো নিয়ে বিতর্কের মধ্যে এমন নির্দেশনা দিল ভোট আয়োজনকারী নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে।
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। উপদেষ্টা পরিষদের সদস্য ও সহকারীরা দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন।
তবে নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট বলে দিয়েছে, ২০২৫ সালের গণভোট অধ্যাদেশ ও ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তবে গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।
ইসির চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণ কর জানানো যাচ্ছে যে—প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।


প্রসঙ্গত, গণভোট অধ্যাদেশের ২১ ধারায় বলা আছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যত দূর প্রযোজ্য, অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ারসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।’
অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তাঁর সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন।

সময় শেষ হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের অধীনে এই পরিষদের কথা বলা হচ্ছে, তা আরোপিত...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রথম দিনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ১৪ সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন। আলোচনায় বিরোধী দলের পক্ষ থেকে বিএনপির সংস্কার পরিষদে শপথ না নেওয়া নিয়ে সমালোচনা ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি তোলা হয়।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়ে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ ঘণ্টা আগে
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসছেন। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
৮ ঘণ্টা আগে