Ajker Patrika

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির হারিকেন মিছিল। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য অসহনীয়ভাবে বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি সংবাদ সম্মেলন ও হারিকেন মিছিল করেছে। সোমবার (১ মে) সন্ধ্যা ৭টা নাগাদ বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রলপাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘সরকার যত দিন জনগণের পক্ষে কাজ করবে, আমরা বলব—বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।’

তারিকুল ইসলাম বলেন, ‘সরকার কথা দিয়েছিল, আর তেলের দাম বাড়াবে না। অথচ আমরা দেখলাম, দেশের মানুষ যখন ঈদ আনন্দে ব্যস্ত, তখন হঠাৎ করে রাতের আঁধারে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। জ্বালানি তেলের দাম বাড়ালে সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এখন আমাদের প্রশ্ন, এই যে সরকার বাড়বার তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও ভাবছে না?’

তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার গুলশান-বনানীর সরকার। তারা উচ্চবিত্ত মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। জনসাধারণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় না। না হলে এত দ্রুত আবার তেলের মূল্যবৃদ্ধি করত না।’

সরকার জ্বালানি ক্ষেত্রে লুটপাট করছে জানিয়ে যুবশক্তির সভাপতি বলেন, ‘এর আগে আওয়ামী লীগ সরকার যেমন জ্বালানি ক্ষেত্রে ব্যাপক লুটপাট চালিয়েছে, বর্তমান সরকার একই কায়দায় লুটপাট করে জনগণকে ভোগান্তিতে ফেলছে।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের ভোগান্তির সমাধান না করে নিজের পিআর ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত। তার পিআর ক্যাম্পেইন দেখলে মনে হয়, জনগণের প্রধানমন্ত্রী না হয়ে তিনি গুলশান-বনানীর প্রধানমন্ত্রী হতে চান।’

ইসলামী ব্যাংক দখলের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ইস্যুগুলোর সমাধান করা। অথচ আমরা দেখলাম, বিগত পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো করে তারা ইসলামী ব্যাংক দখল করেছে। আজ ইসলামী ব্যাংক দখলের প্রতিবাদকারীদের ওপর হামলা করে সরকার প্রমাণ করেছে, তারা এই দেশে বিএনপি বাদে আর কাউকে থাকতে দিতে চায় না। তারা চায় বিগত সরকারের মতো গৃহপালিত বিরোধী দল। জনগণ বাংলাদেশে আর গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না।’

মিছিলে আরও অংশ নেন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত