
রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের মারপিটে আহত হওয়ার পর ডিবি কার্যালয় নিয়ে আপ্যায়ন করার বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সেই আপ্যায়নের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একমাত্র মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে আমাকে থামাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তিনি যেন আমাকে চিতায় না তোলেন।’
বিএনপি নেতা গয়েশ্বর জানান, ডিবি কার্যালয়ে তাঁর জন্য যে খাবারের আয়োজন করা হয়েছিল তা তাঁর স্বাস্থ্যের পক্ষে উপযোগী না হওয়ায় সেই খাবার তিনি খাননি। ডিবি প্রধান হারুন অর রশিদের জন্য বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন তিনি। বাইরে থেকে আনা খাবার নিয়ে সন্দেহও ছিল তাঁর।
ডিবি প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্য রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাত, সবজি ও রুই মাছের একটি টুকরা খেয়েছেন জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো—এটা যদি গ্রহণ করি, তাহলে সমস্যা হবে না।’
তবে আপ্যায়ন করে সেটার ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে, আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই?’
গয়েশ্বর আরও বলেন, ‘সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে। সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে—এই শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না।’
গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবি প্রধান।
এর আগে ধোলাইপাড়ে বিএনপির অবস্থান কর্মসূচিতে তাঁকে লাঠিপেটা করে পুলিশ। সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে গয়েশ্বরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয় পৌঁছে দেওয়া হয়।

দীর্ঘদিন পরে যৌথ সভা ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছু ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সবাইকে আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে। তিনি বলেছেন, জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের প্রয়োজনে এই পথ বেছে নেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর বিডিহলের মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকায়েছে।
১২ ঘণ্টা আগে