Ajker Patrika

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির জন্ম হয়েছে: নাহিদ ইসলাম

ঢাবি প্রতিনিধি
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির জন্ম হয়েছে: নাহিদ ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা থেকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি একটি রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছে। একই গণ-অভ্যুত্থান ও বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তিও গড়ে উঠেছে।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল, গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই লড়াইয়ের ধারাবাহিকতা ধারণ করেছে। জাতীয় ছাত্রশক্তি সেই লড়াইয়ের উত্তরসূরি হবে বলে প্রত্যাশা করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।

জাতীয় ছাত্রশক্তিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংগঠনটি যদি শক্তিশালী অবস্থান তৈরি করতে না পারে, তাহলে শিক্ষার্থীদের আবারও দাসত্বের জীবন বরণ করতে হতে পারে। তাই সংস্কার, বিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে জাতীয় ছাত্রশক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের শুধু নিজেদের সংগঠনের স্বার্থে নয়, শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নেও সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে জাতীয় ছাত্রশক্তিকে সামনের দিনের ছাত্ররাজনীতিতে নতুন ধারা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং ন্যায়বিচারের প্রশ্নে সংগঠনটিকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত