
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। ১০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।
স্থায়ী কমিটির বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান রিজভী। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রিজভী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের সিদ্ধান্তের পাশাপাশি ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করা হবে। দেশের চিকিৎসক ও বিশেষজ্ঞদের তৈরি করা সচেতনতামূলক প্রচারপত্র মানুষের মধ্যে বিতরণ করা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হবে। স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজারসহ বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গায় আবর্জনা রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও তদারকি করবে দলটি।
বিএনপির সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দলের বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কারসহ নানা কারণে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো পূরণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দলের বিভিন্ন কমিটিতে শূন্য পদগুলোতে নিচের পদে থাকা নেতাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা গঠনতন্ত্রের বিধান অনুযায়ী করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করল বিএনপি। স্থায়ী কমিটিতে জায়গা পাওয়ার পর বৈঠকে প্রথমবারের মতো রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ অংশ নেন।

আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
৩৯ মিনিট আগে
সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ প্রশ্ন করেন পরওয়ার...
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
৫ ঘণ্টা আগে