Ajker Patrika

৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা জামায়াতের, যা যা করবে দলটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা জামায়াতের, যা যা করবে দলটি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে’ ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশে বর্তমানে তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা।’

গণভোটের রায় অস্বীকার করায় জনগণের একটি বড় অংশ সরকারের ওপর আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, ‘ফলে জাতীয় ও জনজীবনের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার জনগণের সমর্থন পাচ্ছে না। জাতীয় সংকট নিরসনে সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন হলেও সরকার সেই পথ এড়িয়ে যাচ্ছে।’

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং মালিকদের শিল্প টিকিয়ে রাখার চেষ্টার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে উল্লেখ করে পরওয়ার বলেন, ‘অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সব মিলিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতা–কর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।

জামায়াতের এ নেতা জানান, জামায়াতের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রায় ২২টি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ বাড়ছে।

দেশের এই পরিস্থিতিতে দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জামায়াত ঐক্যবদ্ধ রাখতে চায় বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। তিনি মনে করেন, ‘জাতীয় সংকট মোকাবিলায় জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করা এবং রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া।’

৪০ দিনের কর্মসূচি

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। তাঁর ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল, আন্তর্জাতিক দিবস পালন, বিভিন্ন পেশাজীবীর সম্মেলন, আলোচনা সভা এবং সামাজিক কার্যক্রম।

ঘোষণা অনুযায়ী, ২১ নভেম্বর শনিবার দুপুর সোয়া ১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর ঢাকাসহ দেশের বাইরে ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন করা হবে। ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি।

এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে জামায়াত। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র‍্যালির আয়োজন করা হবে। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ ডিসেম্বর ‘শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে’ আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা। এর বাইরে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচ এম হামিদুর রহমান আজাদ ও মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত