শেখ হাসিনার ফেরার চেয়ে ভারতের মন্ত্রী-নেতাদের গরজ বেশি মনে হচ্ছে: পরওয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের চেয়ে ভারতের মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের শেখ হাসিনাকে ফেরানোর গরজ বেশি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তারা আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পর তার ভরণপোষণ করলেও এখন বাংলাদেশের আওয়ামী লীগের চেয়ে ওই দেশের মন্ত্রী, নেতা, সাংবাদিকদেরই বেশি গরজ দেখা যাচ্ছে।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে আসবেন—এমন ঘোষণা দেওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক তাণ্ডব, সন্ত্রাস, অগ্নিসংযোগের দিকে ঝুঁকে পড়েছে আওয়ামী লীগের লোকজন। এ পরিস্থিতিতে সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাদের সামনে হাজার হাজার লোক অস্ত্র উঁচিয়ে মিছিল করছে, গাড়ি ভাঙচুর করছে এবং পুলিশকে মারধর করছে। অথচ বাহিনীর সদস্যরা অপরাধীদের মতো রাস্তা থেকে সরে যাচ্ছেন। তিনি প্রশ্ন করেন, ‘এটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা ভূখণ্ড? এখানে কি সরকার বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ আছে’
গোলাম পরওয়ার আরও বলেন, ভারতের কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক নেতা বাংলাদেশ দখল করে নেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ভূখণ্ড, পতাকা ও মানচিত্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানানো সরকারের দায়িত্ব। কিন্তু এ বিষয়ে সরকারের কার্যকর প্রতিবাদ দেখা যায়নি। বাংলাদেশের পৃথক জাতিসত্তা ও স্বাধীন অস্তিত্বকে ধ্বংস করার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সরকারের ছত্রচ্ছায়ায় থাকা কোনো কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দাদের গোপন বৈঠকের খবর অতীতে প্রকাশিত হয়েছিল। মুসলিম স্বার্থ ও ভূখণ্ড দখলের সঙ্গে সংশ্লিষ্ট একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে এ ধরনের যোগাযোগ বাংলাদেশের স্বাধীনতা, জাতিসত্তা ও অখণ্ডতার জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো। অথচ কোনো কোনো মুসলিম রাষ্ট্র গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখছে। এমনকি এক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে অন্য মুসলিম রাষ্ট্রের হামলায় ইসরায়েলের প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা ব্যবহৃত হচ্ছে। এটি মুসলিম উম্মাহর জন্য আত্মঘাতী আচরণ।
ওআইসিসহ মুসলিম বিশ্বের নেতাদের ফিলিস্তিনিদের অধিকার ও ভূখণ্ড পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। তাঁর মতে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, জেরুজালেমকে দেশটির রাজধানী ঘোষণা এবং জাতিসংঘের সম্মানজনক সদস্যপদ পাওয়ার জন্য মুসলিম দেশ ও সংস্থাগুলোর সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিনসহ অনেকে বক্তৃতা করেন।










