Ajker Patrika

সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

মামুনুর রশীদ
সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

একবার খুলনা শহরে একটি জাতীয় দৈনিক খুঁজতে বের হলাম। অনেকগুলো নিউজস্ট্যান্ডই বন্ধ। যা-ও একটির সন্ধান পেলাম, সেখানে কোনো পত্রিকাই নেই। পরে জেলা-বিভাগীয় শহরে গিয়েছি। সেখানেও একই অবস্থা। একসময় রেলস্টেশনগুলোতে সব সময় খবরের কাগজ, সাময়িকী, এমনকি বিদেশি পত্রপত্রিকাও পাওয়া যেত। সেখানে এখন আর এসব পাওয়া যায় না। ঢাকারও বেশ কিছু নিউজস্ট্যান্ড বন্ধ। যদি নিউজস্ট্যান্ডগুলো বন্ধই থাকে, তাহলে নতুন পত্রিকা বের হচ্ছে কী করে?

এ কথা সত্যি—ডিজিটাল এই যুগে দৈনিক পত্রিকা বা সাময়িকীও মানুষ ইন্টারনেটে পড়ে নেয়। তাই কালে কালে নিউজস্ট্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এসব পত্রিকার পাঠকও কি কমে যাচ্ছে? রেলওয়ে স্টেশনে, স্টিমার ঘাটে, বড় বাসস্ট্যান্ডে শুধু সংবাদপত্রই নয়, বইয়ের লাইব্রেরিও থাকত। সেখানে উপন্যাস, কবিতার বই, গোয়েন্দা সিরিজের বই শোভা পেত। ট্রেন ভ্রমণে বা দীর্ঘ নৌপথ ভ্রমণে বইটই একদা ছিল বড় বিনোদন। আজকাল অবশ্য বইয়ের চেয়ে সেলফোনেই যাত্রীদের মনোযোগ দেখা যায়।

সংবাদপত্র সভ্যতার সমবয়সী। শুধু সংবাদ পরিবেশনই নয়, সঙ্গে থাকে নানা ধরনের লেখা—সাহিত্য, বিনোদন, খেলাধুলার খবর। সংবাদপত্র মানুষের নানা ধরনের কৌতূহলকেও উসকে দেয়। আজ থেকে ৩০ বছর আগেও মধ্যবিত্তের ড্রয়িংরুমের টেবিলে শোভা পেত দৈনিক সংবাদপত্রের সঙ্গে বিভিন্ন ধরনের সাময়িকী। বাড়ির কর্তা বা কর্ত্রী ঘুম থেকে উঠেই এক কাপ চায়ের সঙ্গে পত্রিকাটি না পড়লে যেন সকাল হতো না। কখনো বেশ কদিন পত্রিকা বন্ধ থাকলে পাঠকেরা অসহায় বোধ করতেন। এখন টেলিভিশনও প্রায় বন্ধ। ছোট্ট সেলফোনের পর্দায় সবার মনোযোগ, মূলত ফেসবুকে; আর নিম্নবিত্ত, কর্মজীবী নারীদের মনোযোগ সিনেমা বা নাটকের পর্দায়।

ঠিক আছে, প্রযুক্তির কাছে মানুষ চিরদিনই সহায় এবং অসহায়। কিন্তু প্রযুক্তি যখন মানুষের চিন্তার দিগন্তকে সংকুচিত করে, একেবারেই সংকীর্ণ করে তোলে, তখনই ভয়ের কারণটি ঘটে। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করার বদলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ছোট একটি সংবাদকে বিশ্বাস করে ফেলে, তখনই ঘটে বড় সমস্যা। এই অতি ক্ষুদ্র পর্দাটি ক্ষুদ্র চিন্তার মানুষও জন্ম দেয়। মুখরোচক সংবাদ, অশ্লীলতা, শত্রুতা সাধনের বিষয়, উদ্ভট সব বিষয়, গুজবের কারখানা হিসেবে আবির্ভাব হয় ফেসবুকের।

ফেসবুক এখন একা নয়, নানা ধরনের ইন্টারনেট প্রয়াস চারদিকে। তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীন-স্বেচ্ছাচারী ইউটিউব। মাত্রাতিরিক্ত স্বাধীনতা পেয়ে যেকোনো মানুষই এটিকে ব্যবহার করে যে কাউকে নানাভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। পত্রিকা বা সাহিত্য পড়ার পরিবর্তে ওই ছোট্ট পর্দাটিই হয়ে যাচ্ছে বিশ্বস্ত বন্ধু।

প্রকাশনাশিল্পও মুখ থুবড়ে পড়েছে। গত দুটি বইমেলায় প্রকাশকেরা তাঁদের ব্যবসায় হতাশ হয়েছেন। লেখকেরাও এক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আর যে পাঠকদের বই-পুস্তকের প্রতি আকর্ষণ রয়েছে, এবার তাঁরাও হতাশ হয়ে পড়েছেন। আগামী বইমেলায় কি নতুন বই মিলবে? ভালো বই কি পাঠ করা যাবে না? পৃথিবীর সব সভ্য দেশেই রাষ্ট্র এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। প্রচুর রাষ্ট্রীয় পাঠাগার থাকে, অনেক বইমেলা রাষ্ট্রীয় সহযোগিতায় হয়ে থাকে। প্রকাশকদের জন্য নানা ধরনের আর্থিক অনুদান বা সাহায্যের ব্যবস্থা থাকে। বেসরকারিভাবে যেসব পাঠাগার আন্দোলন গড়ে ওঠে, সেসবকেও রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া হয়। আমাদের দেশেও এসব আন্দোলন আছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো সহযোগিতা তারা যে শুধু পায় না তা-ই নয়, বরং গণপ্রতিনিধিরাও কিছু কিছু ক্ষেত্রে এসবের বিরুদ্ধে বিরোধিতা করে থাকে।

শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, পাঠ্যপুস্তকের চেয়ে নোটবুকের কদর বেশি। দেখা যায়, শিক্ষার্থীরা খণ্ডিত জ্ঞান নিয়ে পরীক্ষায় শুধু নম্বরের জন্য লড়াই করে যাচ্ছে। স্কুলগুলোতে যেখানে লাইব্রেরি আছে, সেগুলোও খুবই দরিদ্র। সেখানে একসময় পত্রিকা রাখার একটা ব্যাপার ছিল, শিশু-কিশোরদের উপযোগী সাময়িকী রাখা হতো। এসব আজ নেই। তবে অনেক স্কুলেই কম্পিউটার ল্যাব আছে; যদিও সেগুলো যথেষ্ট সচল নয়।

এ কথা আর নতুন করে বলার কিছু নেই যে পাঠাভ্যাস গড়ার প্রাথমিক জায়গা হলো স্কুল। স্কুলগুলোতে পাঠ্যপুস্তকের চাপে শিশুরা পর্যুদস্ত। সেখানে অন্য বই পড়ার সুযোগ বা সময় কোথায়? আমাদের দেশে একটা সময় পর্যন্ত শিক্ষার্থীদের ওপর চাপ কম ছিল। তাদের সময় ছিল খেলাধুলার এবং বই পড়ার। এই দুটোই কমে গেছে অনেক দিন হলো। গত শতকের পঞ্চাশ থেকে সত্তরের দশক পর্যন্ত যখন কোচিং সেন্টারে বিধ্বস্ত হয়নি লেখাপড়া, তখন শিক্ষার্থীদের নানাভাবে জ্ঞান আহরণ করার একটা আনন্দ ছিল। সেই আনন্দ থেকেই সৃজনশীল মানবিক মানুষ হওয়ার সুযোগ ছিল। লেখাপড়াই যেখানে মানুষের জন্য সুস্থিতি বয়ে নিয়ে আসার কথা, সেখানে পুরো প্রক্রিয়াটাতেই একটা অস্থির ভাব সৃষ্টি হয়েছে।

সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাটক এসবে শিশুদের প্রবল আগ্রহ। ছোট ছোট শহরেও দেখেছি শিশুদের এমন কাজে উৎসাহ যেমন আছে, তেমনি গড়ে উঠছে তাদের দক্ষতা। এর সঙ্গে পাঠ্যবইয়ের বাইরেও ভিন্ন উপায়ে যদি আনন্দ পাঠের ব্যবস্থা করা যায়, তাহলে ওইসব শিশু পড়ার নেশায় বাকি জীবনটাও কাটিয়ে দেবে।

শুরু করেছিলাম পত্রিকা পাঠ নিয়ে, নিউজস্ট্যান্ড নিয়ে। পত্রিকার প্রকাশকদের এই নিউজস্ট্যান্ড নিয়ে নতুন করে ভাবা দরকার। পত্রিকার পাঠক বাড়ানোর জন্যও নানা ধরনের উদ্যোগ প্রয়োজন। যেভাবে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, তাতে পাঠক কমে যাওয়া ছাড়াও একটা সংকীর্ণ জগৎ তৈরি হচ্ছে। শিক্ষা-সংস্কৃতির ময়দানে সংবাদপত্র সংস্কৃতি টিকে থাকাটা খুবই জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত