সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে যে বিপর্যয়ের চিত্র পাওয়া গেল, তা শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিচ্ছবি স্পষ্ট হয়েছে। এবার পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় সাড়ে ৫ শতাংশ। আরও উদ্বেগজনক বিষয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ২১৯ থেকে নেমে এসেছে ৩৫ হাজার ৯৪৮-এ। এই ফলাফল যেন আমাদের শিক্ষাব্যবস্থার মুখোশ খুলে দিয়েছে। প্রশ্ন হলো, শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে, নাকি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বলতা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা তাদের পড়াশোনা থেকে দূরে ঠেলে দিচ্ছে? এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
একসময় শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই ছিল জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। এখন অনেকের কাছে পড়াশোনা সীমাবদ্ধ হয়ে পড়েছে পরীক্ষায় পাস করা, সার্টিফিকেট অর্জন কিংবা ভালো ফলের প্রতিযোগিতায়। নিয়মিত ক্লাস করা, নিজের উদ্যোগে পড়া এবং বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের প্রবণতা ক্রমেই দুর্বল হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন বিনোদন, গেমিং এবং সময়ের অপব্যবহারও অনেক শিক্ষার্থীর মনোযোগ কেড়ে নিচ্ছে।
এ জন্য শিক্ষার্থীদের দোষ দেওয়া ঠিক কাজ হবে না। বরং শিক্ষাব্যবস্থার দায়ও কম নয়। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তুলতে পারছে? শিক্ষকেরা কি প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে তা কাটিয়ে ওঠার উদ্যোগ নিচ্ছেন? নাকি ক্লাস নেওয়া, পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতার মধ্যেই শিক্ষার দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে? বাস্তবতা হলো, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও তদারকির ঘাটতি রয়েছে। কোথাও শিক্ষকসংকট, কোথাও আবার কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থার দৌরাত্ম্য। শ্রেণিকক্ষের পাঠের চেয়ে কোচিং ও প্রাইভেটের ওপর নির্ভরতা বাড়ছে। অথচ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব শিক্ষার্থীকে শেখানো। সেই দায়িত্ব যদি শিক্ষা ব্যবসায় পরিণত হয়, তাহলে বিদ্যালয় ও কলেজের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এ বছরের ফলাফলে ইংরেজিতে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে। এত বছর ধরে ইংরেজি পড়ার পরও যদি বিপুলসংখ্যক শিক্ষার্থী এই বিষয়ে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে না পারে, তবে দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া কি ঠিক? ইংরেজি শিক্ষার ভুল পদ্ধতির কারণে শিক্ষার্থীরা ভাষাটি ভালোভাবে রপ্ত করতে পারছে না।
অভিভাবকদের ভূমিকাও এখানে কম গুরুত্বপূর্ণ নয়। অনেক পরিবারে সন্তানকে ভালো ফল করার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করা হয় না। সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়, কিন্তু তার ব্যবহার তদারকি করা হয় না। পরীক্ষার আগে ফল নিয়ে উদ্বেগ বাড়ে, অথচ সারা বছর পড়াশোনার অগ্রগতি নিয়ে খোঁজ নেওয়া হয় না। সন্তান কী শিখছে, কোথায় দুর্বল, কেন পড়তে বসতে চাইছে না—এসব প্রশ্নের চেয়ে কত জিপিএ পাবে, সেটিই বড় হয়ে ওঠে। এই মানসিকতা বদলানো জরুরি।
মাউশির হিসাব অনুযায়ী দেশে ৩১৬টি সরকারি কলেজে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২ হাজার ১৭৮টি। এ ছাড়া আত্তীকৃত কলেজে ২ হাজারের বেশি প্রভাষকের পদ ফাঁকা রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৭০ হাজার শিক্ষক পদ শূন্য। এবার সারা দেশ থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের চাহিদা পাওয়া যায়। যাচাই-বাছাইয়ের পর ৬৯ হাজার ৫৭৭টি পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যদি চাহিদানুযায়ী শিক্ষকই না থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান চলবে কী করে? এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের দুর্বল বিষয় শনাক্ত করে বিশেষ সহায়তার ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং পাঠদানের মান নিয়মিত মূল্যায়ন করতে হবে।
এইচএসসির ফলাফল আমাদের সামনে একটি সতর্কবার্তা তুলে ধরেছে। এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে সংকট আরও বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা দূর করতে হবে, শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষাব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে। যে দেশে লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেও প্রত্যাশিত ফল অর্জন করতে পারছে না, সেই দেশে ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? নাকি এই ব্যর্থতার অংশীদার পুরো শিক্ষাব্যবস্থার? শিক্ষার্থীদের দায় আছে, কিন্তু দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদেরও। একটি জাতির শিক্ষাব্যবস্থা যখন ব্যর্থতার মুখে পড়ে, তখন শুধু শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে সমস্যার সমাধান হয় না। আয়নায় নিজেদের মুখ দেখার সাহসটুকুও থাকতে হয়। ফলাফল শিক্ষাব্যবস্থার সক্ষমতার আয়না। সেই আয়নায় এবার যে চেহারা দেখা গেছে, তা উপেক্ষা করার অর্থ ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা।









