Ajker Patrika

প্রযুক্তির আড়ালে নতুন প্রতারণা

আমিনুল ইসলাম হিরো
প্রযুক্তির আড়ালে নতুন প্রতারণা

খুলনার এক ব্যবসায়ী হোয়াটসঅ্যাপে পরিচিত একজনের কণ্ঠে পুরোনো শিল্পকারখানার যন্ত্রপাতি কেনার প্রস্তাব পান। কণ্ঠস্বর ও কথাবার্তায় সন্দেহ না হওয়ায় তিনি দুই দফায় ৩ কোটি ৫০ লাখ টাকা ওই ব্যক্তিকে দেন। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর নকল করে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ বাহিনী সূত্রে জানা যায়। ঘটনাটি প্রমাণ করে, ডিজিটালের এ সময়ে পরিচিত কণ্ঠস্বরও কারও পরিচয় নিশ্চিত করার নির্ভরযোগ্য মাধ্যম নয়।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ২০১৬ সালে আন্তর্জাতিক হ্যাকাররা সুইফট ব্যবস্থায় জাল বার্তা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে চলে যায়। অন্যদিকে ২০২৬ সালে পাঠাওয়ের সার্ভার থেকে বিপুল পরিমাণ গ্রাহকের তথ্য চুরির দাবিও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে। এসব ঘটনা প্রমাণ করে, সাইবার অপরাধের লক্ষ্য এখন শুধু ব্যক্তির অর্থ নয়; রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের তথ্যভান্ডার এবং নাগরিকের ব্যক্তিগত পরিচয়ও এর ঝুঁকিতে রয়েছে।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে অপরাধের কৌশল। আগে প্রতারণার জন্য ভুয়া পরিচয় বা জাল নথি যথেষ্ট ছিল; এখন কণ্ঠস্বর, ছবি ও ভিডিও পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অ্যাকাউন্ট দখল, ভুয়া বিনিয়োগের প্রলোভন, ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, তথ্য চুরি এবং মোবাইল আর্থিক সেবায় প্রতারণা—সব মিলিয়ে সাইবার অপরাধ আর নিছক প্রযুক্তিগত সমস্যা নয়। এটি অর্থনীতি, ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক আস্থার ওপর সরাসরি আঘাত।

বাংলাদেশেও নথিভুক্ত সাইবার অপরাধের চিত্র উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এ বছরের ২৩ অক্টোবর এক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হিসাবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৯১টি সাইবার অপরাধের মামলা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১০১ জন। তবে এই সংখ্যা অপরাধের পুরো চিত্র নয়; এটি কেবল নথিভুক্ত মামলার হিসাব। সামাজিক লজ্জা, ভয়, প্রভাবশালীদের চাপ কিংবা প্রতিকার না পাওয়ার আশঙ্কায় অনেকে অভিযোগ করেন না। ফলে সাইবার অপরাধের প্রকৃত চিত্র নিরূপণ করাও কঠিন হয়ে পড়েছে।

উদ্বেগের পাশাপাশি আরেকটি বিপদ হলো সম্পাদিত ছবি, ভুয়া স্ক্রিনশট, কৃত্রিম কণ্ঠস্বর কিংবা প্রসঙ্গবিচ্ছিন্ন কথোপকথন ব্যবহার করে কাউকে ফাঁসানো হলেও তা প্রমাণ করা সম্ভব হয় না। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ ছড়িয়ে পড়লে তদন্ত শেষ হওয়ার আগেই জনমত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে। এতে একজন নিরপরাধ মানুষের সুনাম, পরিবার ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সাইবার অপরাধের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তবে অনলাইন পোস্টকে রায় কিংবা স্ক্রিনশটকে চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না।

এ ক্ষেত্রে তদন্তের মানই ন্যায়বিচারের প্রথম শর্ত। ডিজিটাল আলামত কোথা থেকে এসেছে, কে সংগ্রহ করেছে, তা পরিবর্তিত হয়েছে কি না এবং মূল যন্ত্র বা অ্যাকাউন্টের সঙ্গে এর যোগসূত্র কী—এসব যাচাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ। আলামত সংগ্রহ ও সংরক্ষণের নির্দিষ্ট পদ্ধতি, স্বাধীন ফরেনসিক পরীক্ষা এবং আদালতে বিশেষজ্ঞের মতামত নিশ্চিত করতে হবে। অভিযোগকারীকে সুরক্ষা ও প্রতিকার দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন, আইনজীবীর সহায়তা এবং নিরপেক্ষ বিচারের অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে। একইভাবে মিথ্যা অভিযোগ বা প্রমাণ জালিয়াতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আইন থাকা জরুরি, তবে আইনই একমাত্র সমাধান নয়। সাইবার সুরক্ষা আইন, ২০২৬ কার্যকর রয়েছে। এর সংশোধনের প্রস্তাব নিয়েও সরকার জনমত চেয়েছে। তবে সংশোধনের প্রস্তাবকে কার্যকর আইনের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা, শাস্তি অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তদন্ত, গ্রেপ্তার ও তথ্য অপসারণের ক্ষমতা জবাবদিহির আওতায় থাকা প্রয়োজন। অস্পষ্ট বিধান কিংবা অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ অপরাধ দমনের বদলে ভুক্তভোগী, সাংবাদিক ও সমালোচকদের হয়রানির ঝুঁকি বাড়াতে পারে।

কার্যকর প্রতিকার নিশ্চিত করতে তিনটি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া জরুরি। প্রথমত, থানা ও অনলাইনে সহজে অভিযোগ করার ব্যবস্থা চালু করতে হবে। জরুরি সহায়তা এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণের বিষয়ে ভুক্তভোগী ব্যক্তিদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। দ্বিতীয়ত, পুলিশ, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত সমন্বয় গড়ে তুলতে হবে, যাতে প্রতারণার অর্থ শনাক্ত করে আইনসম্মতভাবে আটকে দেওয়ার ব্যবস্থা নেওয়া যায়। তৃতীয়ত, জেলা পর্যায়েও প্রশিক্ষিত তদন্তকারী এবং আধুনিক ডিজিটাল ফরেনসিক সুবিধা বাড়াতে হবে। তদন্তের নামে ভুক্তভোগী ব্যক্তির ছবি বা ব্যক্তিগত তথ্য যেন নতুন করে ছড়িয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করা জরুরি।

সাইবার অপরাধ প্রতিরোধে ব্যাংক, মোবাইল অপারেটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বও স্পষ্ট করতে হবে। সন্দেহজনক লেনদেন শনাক্ত, ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের প্রয়োজনে আইনসম্মতভাবে তথ্য সংরক্ষণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তাবিষয়ক শিক্ষা চালু করা প্রয়োজন, যাতে নতুন ব্যবহারকারীরাও প্রতারণার কৌশল সম্পর্কে সচেতন হতে পারেন।

নাগরিকের সতর্কতাও অপরিহার্য। পরিচিত কারও কণ্ঠে টাকা চাওয়ার অনুরোধ পেলে, তাঁর পরিচিত নম্বরে নিজে ফোন করে পরিচয় নিশ্চিত হওয়া উচিত। অপরিচিত লিংকে প্রবেশ না করা, প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং দ্বিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা চালু রাখাও জরুরি। প্রতারণার শিকার হলে বার্তা, ফোন নম্বর, লিংক, লেনদেনের রসিদ ও স্ক্রিনশট মুছে না ফেলে দ্রুত পুলিশ এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কাছে অভিযোগ জানাতে হবে।

ডিজিটাল নিরাপত্তা মানে শুধু পর্দার আড়ালে থাকা অপরাধীকে শনাক্ত করা নয়; নাগরিকের অর্থ, পরিচয়, মর্যাদা ও অধিকার সুরক্ষিত রাখাও এর অংশ। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে রাষ্ট্রকে দ্রুত তদন্ত ও কার্যকর প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

লেখক: আমিনুল ইসলাম হিরো, সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত