ঘরে ডেকে নিয়ে শিক্ষক ছাত্রকে দিয়ে পরীক্ষার খাতায় করা ভুল উত্তর শুদ্ধ করালেন, খাতার সাদা জায়গায় নতুন উত্তর লেখালেন, তারপর পরীক্ষায় প্রাপ্ত ২৫ নম্বরকে পরিবর্তন করলেন ৫০-এ। এ রকম সদাশয় মাস্টারমশাই খুঁজে পাওয়া কি কম ভাগ্যের কথা! তিনি হয়তো ঠিক করেছেন, শিক্ষার্থীদের কল্যাণেই কাটিয়ে দেবেন গোটা জীবন। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা যে রকম পরীক্ষাই দিক না কেন, চিন্তা নেই। খাতায় শিক্ষার্থীর মোবাইল নম্বর দিয়ে দিলেই কেল্লা ফতে। তিনি নিজে যোগাযোগ করে সেই শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেবেন। বিনিময়ে মাত্র ২ হাজার টাকা নেবেন। যে শিক্ষার্থীরা এই শিক্ষকের হাত ধরে ‘নবজন্ম’ পাচ্ছে, তাদের কাছে পরীক্ষার নম্বর বাড়ানো বড় নাকি ২ হাজার টাকা বড়? এই প্রশ্নের উত্তর সবারই জানা।
এইচএসসি পরীক্ষার সব পরীক্ষকই যদি এই তরিকায় চলতে চান, তাহলে তো প্রচলিত শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে! শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় কাকের ঠ্যাং বকের ঠ্যাং এঁকে খাতার শেষ পাতায় নিজের মোবাইল নম্বর দিয়ে আসবে। পরীক্ষক আগে থেকে ঠিক করা জায়গায় এসে ফাঁকিবাজ শিক্ষার্থীদের নিয়ে যাবেন নিজের বাড়িতে। শুধরে নিতে দেবেন তার ভুলগুলো। কবি লিখেছিলেন, ‘যদি ভালোবাসা পাই শুধরে নেব জীবনের ভুলগুলো।’ শিক্ষার্থীরা উচ্চৈ স্বরে গাইবে, ‘যদি খাতাটা আবার পাই শুধরে নেব পরীক্ষার ভুলগুলো।’ শিক্ষক-শিক্ষার্থীর এই যুগলবন্দী দেশের শিক্ষাব্যবস্থাকে ‘উন্নতি’র শিখরে নিয়ে যাবে।
এইচএসসি পরীক্ষার্থী মেহেদী আলম ইংরেজি দ্বিতীয় পত্রের খাতায় নিজের মোবাইল নম্বর লিখে এসেছিল। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকার আইডিয়াল ডিগ্রি কলেজের ছাত্র। পরীক্ষা কেমন দিয়েছে, তা তো বোঝাই যাচ্ছে। পরীক্ষক তাকে কোনোভাবেই ২৫ নম্বরের বেশি দিতে পারেননি। কিন্তু পরীক্ষক সেই খাতায় পেয়েছেন পরীক্ষার্থীর মোবাইল নম্বর। এই পরীক্ষক হচ্ছেন রাজশাহী নগরের হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক সেকেন্দার আলী। প্রভাষক কী কারণে সেই ফোন নম্বর দেখে ছাত্রটিকে ডেকে নিলেন, তা তাঁর কাছ থেকেই জানতে হবে। তিনি কি মাত্র ২ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার নম্বর পরিবর্তন করার জন্যই ওকে ডেকে এনেছিলেন? তা-ই হবে। কারণ তিনি এ রকম অনেক পরীক্ষার্থীকে নিয়ে আসতে বলেছেন।
ওপরের কথাগুলো যে ব্যঙ্গ করে বলা হলো, সেটাও যদি সম্পাদকীয়তেই বলে দিতে হয়, তাহলে তার চেয়ে দুর্ভাগ্যের কিছু হয় না। কিন্তু পড়াশোনার যে হাল হচ্ছে দিনের পর দিন, তাতে ব্যঙ্গ, রসিকতা করতে হলেও তা সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো দিতে হবে কি না, কে জানে। ২ হাজার টাকার বিনিময়ে যে শিক্ষক নম্বর বদলে দেওয়ার কসরত করতে পারেন, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে সম্মান পাবেন বলে কী করে আশা করেন? এই ধরনের শিক্ষকদের কারণে সৎ শিক্ষকেরাও প্রশ্নের সম্মুখীন হবেন।
গোটা শিক্ষকতা পেশার সম্মান খোয়ানোর এই সাহস আপনি কোথায় পেলেন সেকেন্দার আলী সাহেব?

সম্প্রতি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ গিয়েছিলাম। প্রমত্তা যমুনার পারে এই শহরটির রয়েছে দীর্ঘ ভাঙাগড়ার ইতিহাস। আজ থেকে ৩৯ বছর আগে প্রথম এই শহরে যাওয়ার কথা বারবার মনে পড়ছে। মনে মনে হিসাব করে দেখলাম, দেশে ও বিদেশে যেখানেই গিয়েছি, তার প্রধান কারণ একটাই ছিল, সেটা হলো শিল্পকলার প্রেরণা, নাটক।
২ ঘণ্টা আগে
একটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করেছে—খবরটি নিঃসন্দেহে আনন্দের। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হওয়ার কথা। কিন্তু বর্তমান সময়ে আমাদের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, শতভাগ পাসের এই সাফল্যের আড়ালে কি...
২ ঘণ্টা আগে
সারা দেশ মবের আতঙ্কে ছেয়ে যাচ্ছে। মব সন্ত্রাস আজ আর বিচ্ছিন্ন কোনো গণপিটুনির ঘটনা নয়। এটি রাষ্ট্র, রাজনীতি, সমাজ ও নাগরিক মনস্তত্ত্বের গভীরে ঢুকে পড়া এক ভয়ংকর প্রবণতা। সন্দেহভাজন চোর কিংবা অপরাধী থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ, সংখ্যালঘু, শিক্ষক, সাংবাদিক, সুফি, মুক্তমনা, সংস্কৃতিকর্মী কেউই...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের স্বাস্থ্যসেবা আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সীমিত শয্যা, জনবল ও যন্ত্রপাতি নিয়ে সরকারি হাসপাতালগুলোতে বিপুল রোগীর চাপ; অন্যদিকে বেসরকারি খাতে সেবার ব্যয়, মাননিয়ন্ত্রণ, কর্মপরিবেশ, তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন।
১৫ ঘণ্টা আগে