পাঁচ জেলায় অবৈধভাবে মজুত করা ৪০ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি মজুত করে সংকট সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে আরেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আরেক স্থানে একজনকে আটক করা হয়। এদিকে অভিযানে গিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে তেলের পাশাপাশি ১ টন সরকারি চালও জব্দ করা হয়।
গতকাল শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলা, মৌলভীবাজারের কমলগঞ্জ, বরিশালের মুলাদী, চাঁদপুরের মতলব দক্ষিণ ও রাজশাহীর দুর্গাপুরে এই অভিযান চালায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
জানা গেছে, বরগুনার পাথরঘাটায় মৎস্য অবতরণকেন্দ্র এলাকার মেসার্স গাজী স্টোরে গতকাল বিকেলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত করা ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মেসার্স গাজী স্টোরের মালিক মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে জব্দ ডিজেল সরকারিনির্ধারিত মূল্যে ট্রলারমালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন বিচারক।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল কিনতে না পেরে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে যেতে পারছেন না। এতে তাঁদের উপার্জন বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশি মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জ্বালানি তেলের অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারছেন না। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাছ ধরার ট্রলারের তালিকা অনুসারে রাতেই (শনিবার) এসব ডিজেল বিক্রি করা হবে এবং রাতেই জেলেরা মাছ ধরার জন্য সাগরে রওনা দিতে পারবেন।’
পাথরঘাটার ইউএনও তাপস পাল বলেন, ‘জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বরিশালের মুলাদীতে একই দিন চরকালেখান ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল এবং ১ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। অভিযানে সুমনের ঘরের সামনে ২০০ লিটার ডিজেল, ১ টন সরকারি চাল এবং তাঁর ভাই বাচ্চু আলমের গরুর খামারে ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাচ্চুকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সরকারি চালের বিষয়ে চরকালেখান ইউপির চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, ‘একজন ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল থাকার কথা নয়। সুমন ঘরামীর বাড়িতে ১ টন চাল কোথা থেকে, কীভাবে গেল সে বিষয়ে আমার কিছু জানা নেই।’
মুলাদীর ইউএনও মো. গোলাম সরওয়ার বলেন, ‘চরকালেখান ইউপি সদস্যের বাড়ি থেকে জব্দ চালের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইউপি সদস্য যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত শুক্রবার রাতে অবৈধভাবে মজুত করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় মো. হাসান (৩০) নামের ব্যবসায়ীকে আটক করা হয়। উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক এই অভিযান চালান।
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় একটি দোকানে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই অভিযান চালান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় হিরণ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে আটটি ড্রামে এসব তেল পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক যায়নি। জব্দ তেল প্রশাসনের হেফাজতে রয়েছে।
রাজশাহীর দুর্গাপুরে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। গতকাল উপজেলার আলিপুর বাজারে এ জরিমানা ও মামলা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় সংশ্লিষ্ট বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ হাজার ৫৩৬টি অভিযোগ অনুসন্ধান করেছে; যা দুদক প্রতিষ্ঠার পর এক বছরে সর্বোচ্চ। এ ছাড়া মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রেও গত বছর রেকর্ড গড়েছে কমিশন।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।
৮ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার।
৯ ঘণ্টা আগে
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে...
১১ ঘণ্টা আগে