Ajker Patrika

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ মে ২০২৬, ২০: ২৭
অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফশোর বিডিং নিয়ে সংবাদ সম্মেলন।

নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করায় সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে বিদেশি ঠিকাদারি কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার এবং আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই, জনগণের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড় আস্থার জায়গা। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তারা বিডিংয়ে আসবে। অতীতে অনেক রোড শো হয়েছে কিন্তু বিনিয়োগ আসেনি।’

বিদেশি বিনিয়োগকারীরা কেন আসবে, কোনো চমক আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চমক হচ্ছে–বিএনপি সরকার।’

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আজ রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সরকার। এ উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জ্বালানি সচিব সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর দুপুর ১টার মধ্যে আগ্রহীদের দরপত্রের প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। এর আগে ১ জুন থেকে কেনা যাবে সাগরের জরিপ তথ্য।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সরকার নির্বাচনের ইশতেহারে সমুদ্রে তেল অনুসন্ধানের কথা বলেছিল। আমরা দায়িত্ব নেওয়ার ১৮০ দিনের মধ্যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে এমন কিছু পদক্ষেপ নিতে চেয়েছি যাতে সরকারের মেয়াদ শেষে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে একটা স্থিতিশীল পরিবেশ ফেরত আসে।

এ ক্ষেত্রে বর্তমান সরকারের সময়ে একের পর এক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু হওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন প্রতিমন্ত্রী। আগামী দেড় মাসের মধ্যে একটি নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম দফায় সরকার গঠনের পর ১৯৯৩ সালে প্রথম আন্তর্জাতিক সফল বিডিং রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আশা করি তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের সময়েও একটি সফল বিডিং রাউন্ড হবে।

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের বিডিং রাউন্ড ব্যর্থ হওয়ার আগ্রহীদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগকারীদের পরামর্শ ও আপত্তি অনুযায়ী চরটি বিষয় সংস্কার করা হয়েছে। এগুলো হচ্ছে গ্যাসের মূল্য নির্ধারণ পদ্ধতি, পাইপলাইন নির্মাণ ট্যারিফ, প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং শ্রমিক কল্যাণ ফান্ডের বিষয়টি। এসব বিষয়ে পরিবর্তন এনে ২০২৬ সালের দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর বৈশিষ্ট্য:

১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্রের ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি ব্লকের জন্য পৃথক আবেদন করতে হবে। গভীর সমুদ্রের ক্ষেত্রে দুটি সংলগ্ন ব্লকের জন্য একক চুক্তির সুযোগ রাখা হয়েছে। দরদাতারা এককভাবে বা কনসোর্টিয়াম গঠন করে অংশ নিতে পারবে। অগভীর ব্লকে অংশ নেওয়ার জন্য আগ্রহীদের দৈনিক কমপক্ষে ৫,০০০ ব্যারেল তেল বা ৭৫ এমএমসিএফ গ্যাস উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। এক গভীর ব্লকের ক্ষেত্রে সেটা কমপক্ষে দৈনিক ১০,০০০ ব্যারেল তেল বা ১০০ এমএমসিএফ গ্যাস। একবার বিড ডকুমেন্ট কিনলে একাধিক ব্লকে অংশ নেওয়া যাবে। তবে ৩০ নভেম্বর দুপুর ১টার মধ্যে সব কাগজ জমা দিতে হবে।

অফশোর মডেল পিএসসি ২০২৬:

মোট অনুসন্ধান মেয়াদ ৯ বছর (প্রাথমিক ৬ বছর পরবর্তী ৩ বছর)। ন্যূনতম কর্ম বাধ্যবাধকতা শুধুমাত্র সিসমিক জরিপ। অনুসন্ধান সময়ের বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট পরিমাণ ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা রাখা হয়েছে। শতভাগ কস্ট রিকভারি তবে সেটা বার্ষিক ৭৫ শতাংশের বেশি নয়। আর ফ্যাক্টর অনুযায়ী লাভ ভাগাভাগি। অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন পর্যায়ে আমদানি করা যন্ত্রপাতিতে শুল্কমুক্ত সুবিধা। কন্ট্রাক্টরের আয়কর পেট্রোবাংলা বহন করবে। গ্যাসের মূল্য আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের সঙ্গে যুক্ত। গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্রেন্ট ক্রুডকে ভিত্তি হিসেবে ধরে অগভীরে ১০ দশমিক ৫ শতাংশ এবং গভীর অংশে ১১ শতাংশ নির্ধারণ করা হবে।

গত ৫ বছরের ব্রেন্ট মূল্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ গড়ের ভিত্তিতে ফ্লোর সিলিং নির্ধারিত হবে। দরদাতা তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি ও নির্দিষ্ট শর্তে রপ্তানির সুযোগ পাবে। পাইপলাইন বিনিয়োগ উৎসাহিত করতে পারস্পরিক সম্মত ট্যারিফ ব্যবস্থা রাখা হয়েছে। গ্যাসক্ষেত্রে উৎপাদন মেয়াদ ২৫ বছর এবং তেলক্ষেত্রে ২০ বছর; বাণিজ্যিক উৎপাদন অব্যাহত থাকলে অতিরিক্ত ১০ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত