Ajker Patrika

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, আইটি, প্রকৌশল ও হসপিটালিটি খাতে দক্ষতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতসহ বিশেষায়িত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতের মতো বিশেষায়িত ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সুযোগ বাড়াতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশগামী কর্মীদের সেবা আরও আধুনিক ও স্বচ্ছ করতে সরকারের ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইইপি)’ উন্নয়নে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টার সংযুক্তকরণ, জব পোর্টাল উন্নয়ন এবং একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ চালুতে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করেন মন্ত্রী।

জবাবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, বাংলাদেশের জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি জনশক্তিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ করে তুলতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রেও বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে সুইজারল্যান্ড আগ্রহী।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডের মাইগ্রেশন অ্যান্ড প্রটেকশনবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার, আঞ্চলিক প্রোগ্রাম ব্যবস্থাপক নাজিয়া হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত