
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।
সূত্র বলেছে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশে গ্যাস-সংকট আবার তীব্র হয়েছে। গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং বাড়ায় গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা জোরদার করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছে। সমিতি বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কেও জানিয়েছে।
সচিবালয়ে দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, সন্ধ্যা (বুধবার) থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানিসংকট আগে থেকেই ছিল। এর সঙ্গে এখন যোগ হয়েছে এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ ও পেট্রোবাংলার সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবারের তুলনায় গতকাল এলএনজি সরবরাহ আরও ২০০ মিলিয়ন ঘনফুট কমে দৈনিক গড়ে ৩৫০-৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। ফলে সঞ্চালন লাইনে সার্বিক সরবরাহ দুই হাজার মিলিয়ন ঘনফুটের চেয়েও কমে গেছে, যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল হওয়ায় একটি এলএনজি টার্মিনালে এলএনজি কার্গো ভেড়ানো যাচ্ছে না। অপর টার্মিনালে কার্গো ভেড়ানো থাকলেও এর মজুত শেষ হয়ে এসেছে। সব মিলিয়ে এলএনজি সরবরাহ ৪০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে।
সূত্র জানায়, এই সংকটের মধ্যেও বিদ্যুতের উৎপাদনে জোর দিতে গিয়ে বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন ও গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বন্ধ রাখা হয়েছে। নোয়াখালী অঞ্চলে গতকাল ুপুর ১২টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ফলে বিপাকে পড়েছে জেলার প্রায় ২৯ হাজার ৩৫০ জন গ্রাহক। বন্ধ রয়েছে সাতটি সিএনজি ফিলিং স্টেশন।
বাখরাবাদ গ্যাসের নোয়াখালীর ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক নূর করিম জানান, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে দুপুর ১২টা থেকে ফেনী গ্রিড থেকে প্রধান লাইনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা মনোয়ারা বেগম জানান, গত সপ্তাহে গ্যাসের সংকট থাকলেও বাসার চুলাগুলোতে কিছুটা জ্বলত। কিন্তু গতকাল দুপুর থেকে চুলা জ্বলছে না।
গ্রীষ্মে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট প্রাক্কলন করা হলেও গত মঙ্গলবার রাত ৯টায় (ইভনিং পিক) তা ১৮ হাজার ছাড়িয়ে যায়। তবে গ্যাস-সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ওই সময়ে উৎপাদন ছিল ১৫ হাজার মেগাওয়াট। ফলে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়। গতকাল পরিস্থিতির আরও অবনতি হয়। দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৩ হাজার মেগাওয়াটের ঘরে। ফলে দিনে-রাতে গড়ে কমপক্ষে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট (২৫ থেকে ৩০ শতাংশ) বিদ্যুতের ঘাটতি ছিল।
এই ঘাটতির প্রভাব পড়েছে রাজধানীসহ সারা দেশেই। রাজধানীর অনেকে এলাকায় এক ঘণ্টা করে পাঁচ-ছয়বার, আবার কোথাও এক ঘণ্টা বা আধা ঘণ্টা করে দুই থেকে তিনবার লোডশেডিং হয়। কিন্তু জেলা, উপজেলা শহর এবং গ্রামাঞ্চলে দিনে ১০-১৫ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। ফলে বিশেষ করে গ্রামে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। অনেক এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা মিছিল করেছে।
এ অবস্থায় বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তা জোরদারে থানায় আবেদন করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে তাদের বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা জোরদার করতে গতকাল আইজিপি বরাবর আবেদন করে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কেও তারা বিষয়টি জানিয়েছে। আইজিপিকে দেওয়া সমিতির আবেদনে বলা হয়েছে, জ্বালানিসংকট ও তীব্র তাপপ্রবাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কম হচ্ছে। ফলে সারা দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আইজিপিকে অনুরোধ করা হয়েছে।
লোডশেডিংয়ের জন্য গ্রাহকদের ক্ষোভের কারণে নীলফামারীর ডোমার উপজেলার বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার শঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাত্রিকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ নিরাপত্তার জন্য আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (সুন্দরগঞ্জ) উপমহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে প্রয়োজন ১৪ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। ফলে উপজেলার প্রায় অর্ধেক অংশ সব সময় লোডশেডিংয়ে থাকছে।
লোডশেডিংয়ের কারণে পাবনার ঈশ্বরদীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসের মিটার রিডার আইনুল হোসেনকে গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড়ে লোকজন অবরুদ্ধ করে রাখে। চরগড়গড়ি গ্রামের মোফাজ্জল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত লোডশেডিংয়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে আবার ভুতুড়ে বিলের কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। সবকিছু মিলিয়ে বিদ্যুতের লোকজনের ওপর মানুষ ক্ষুব্ধ।
মিটার রিডার আইনুল হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনি বিল লেখা বন্ধ রেখে চলে এসেছেন।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, গতকাল দুপুরে তাঁদের বিদ্যুতের চাহিদা ছিল ৭৯ মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা হয়েছে ৫৬ মেগাওয়াট। এ জন্য কখনো এক ঘণ্টা বা কখনো দুই ঘণ্টা পরপর লোডশেডিং দিতে হচ্ছে।
ঝিনাইদহ শহরের একটি ফটোকপি ও কম্পিউটার দোকানের এক কর্মচারী জানান, তাঁদের এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে প্রচুর ক্রেতা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। তাদের আয়ও কমে গেছে। আগে যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ৩-৪ হাজার টাকা আয় হতো, এখন লোডশেডিংয়ের কারণে এক হাজার টাকাও আয় হচ্ছে না।
ওজোপাডিকোর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. সবুক্তগীন বলেন, ঝিনাইদহে বিদ্যুতের চাহিদা প্রায় ৩৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ২৯ মেগাওয়াট। এ কারণে বাধ্য হয়েই বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা]

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
১ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
৫ ঘণ্টা আগে
আসামিদের অপরাধ খুবই গুরুতর। তারা হাজারো মানুষকে হত্যা ও ৩৫ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করার জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসামিরা কোনো অনুকম্পা পেতে পারে না। ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক রাজনৈতিক জোকার।
৭ ঘণ্টা আগে