Ajker Patrika

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ১৮
বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য
ফাইল ছবি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার স্পিকারের কাছে লিখিত একটি চিঠিতে এ তথ্য জানান তিনি।

পরে সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।

এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে আজ বিকেল সাড়ে ৪টায় ব্রিফ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট এলে অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’

ব্রিফিংয়ে স্পিকার আরও বলেন, সংসদের বিধান হলো, এমপিরা যখন পদত্যাগ করেন, তাঁরা কোনো কারণ উল্লেখ করেন না।

স্পিকারের কাছে পাঠানো চিঠিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

এর আগে আজ বেলা ২টার দিকে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর বের হয়ে যান তিনি। তবে তখন পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্পিকারের দপ্তর থেকে বের হওয়ার পরে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’

তবে পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি এমপি। পদত্যাগের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত হোক। বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা-ই হবে।

জানা গেছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনার মধ্যেই বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত