আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট

নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পরও যদি অন্তর্বর্তী সরকারের সময়ের মতো সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে তা আইনের শাসন, জননিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বসতবাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আসক এ কথা জানায়।
গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে একদল ব্যক্তি কাজী মিজানুর রহমানের বাড়িতে হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রথমে লুটপাট করেন, পরে বুলডোজার দিয়ে বাড়ির বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেন এবং শেষে অগ্নিসংযোগ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জড়িত ছিলেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিবৃতিতে আসক বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার প্রতিকার কেবল আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। আদালতের আদেশ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কারও বাড়িঘর ভেঙে ফেলা, সম্পদ লুট করা কিংবা অগ্নিসংযোগ করা সম্পূর্ণ বেআইনি এবং আইনের শাসনের পরিপন্থী। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ-নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাটি আরও বলেছে, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পরও যদি অন্তর্বর্তী সরকারের সময়ের মতো সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে তা আইনের শাসন, জননিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হলে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হবে এবং সমাজে ভয় ও অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি করবে।
আসক বিবৃতিতে উল্লেখ করেছে, সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে সব নাগরিকের আইনের সমান সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৭ অনুচ্ছেদে সম্পত্তির অধিকার এবং ১২ অনুচ্ছেদে ব্যক্তির গৃহ ও ব্যক্তিগত জীবনে বেআইনি হস্তক্ষেপ থেকে সুরক্ষার বিষয়টি স্বীকৃত।
বিবৃতিতে আসক অবিলম্বে ঘটনাটির নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১৩ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে