Ajker Patrika

বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটি

যোগসাজশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৩৬
যোগসাজশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের সুপারিশ
সংসদীয় কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। কমিটি আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগে স্বচ্ছতা এবং বিদেশে বাণিজ্য মিশনে ভাষাজ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা পদায়নের সুপারিশ করেছে।

আজ বুধবার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর জনবল, দপ্তর ও সংস্থাগুলোর কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজারমূল্যের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে তৈরি যৌথ প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

ব্যবসায়ীদের যোগসাজশে ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে কমিটি।

দেশের সব পর্যায়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত