হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনাকাটা ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের দায় নির্ধারণে একটি তদন্ত কমিশন করেছে সরকার।
আজ বুধবার হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করে এই তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৬৯ জন মারা গেছে। এর মধ্যে হামে ১০৫ জনের আর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ঠিক সময়ে শিশুদের হামের টিকা না দেওয়ায় হামে শিশুরা মারা যাচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামকে তদন্ত কমিশনের সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগে অন্তর্বর্তী সরকারের ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
তদন্ত কমিশনকে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিতকরণ; ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান এবং কমিশনের বিবেচনায় সংশ্লিষ্ট অন্য কোনো সুপারিশ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তসংশ্লিষ্ট বিষয়ে কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।
স্বাস্থ্যসেবা বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব প্রকার সহায়তা, কমিশনের ব্যয় নির্বাহ ও কমিশনকে সহায়তার উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা বিভাগ বা এর অধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে দায়িত্ব দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।









