Ajker Patrika

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: পুলিশের অসহযোগিতায় বোবা মাদকের ২৯২ ওয়াকিটকি

  • টাওয়ারে রিপিটার স্থাপনে অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
  • পুলিশ টেলিকম বলছে, বিষয়টি দাপ্তরিক, আলোচনায় সমাধান হবে
  • মাঠপর্যায়ের মাদকবিরোধী অভিযানে নিরাপত্তা ও সমন্বয়ে বড় ঝুঁকি
 শাহরিয়ার হাসান, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৬: ৩০
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: পুলিশের অসহযোগিতায় বোবা মাদকের ২৯২ ওয়াকিটকি

সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের হাতে থাকা ২৯২টি ওয়াকিটকি দীর্ঘদিন ধরে নেটওয়ার্কহীন পড়ে রয়েছে। অথচ অচল এসব যন্ত্রের দেখভাল করতে অধিদপ্তর বিভিন্ন সময়ে মোট ৭২ জন অপারেটর নিয়োগ দিয়েছে। প্রায় এক দশক এ যন্ত্রগুলো ব্যবহারযোগ্য না হলেও অপারেটররা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। কবে নাগাদ এই ওয়াকিটকি সচল হবে, তা কেউই জানে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পুলিশের টাওয়ারে রিপিটার ও অ্যানটেনা বসাতে না দেওয়ায় ওয়াকিটকিগুলো কার্যত বোবা যন্ত্রে পরিণত হয়েছে। ২০১৬ সাল থেকে চিঠি চালাচালি ও একাধিক বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে মাঠপর্যায়ের কর্মকর্তারা অভিযান কিংবা নজরদারির সময় নিরাপদ যোগাযোগ-ব্যবস্থা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন, যা নিরাপত্তা ও সমন্বয়ে বড় ঝুঁকি সৃষ্টি করছে।

অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রায় প্রতিটি সমন্বয় সভায় কর্মকর্তারা ওয়াকিটকির অচলাবস্থার বিষয়টি তোলেন। কিন্তু বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিনেও এ সংকটের সমাধান না হওয়ায় মাদকবিরোধী অভিযানে অনেক ক্ষেত্রে স্থবিরতা দেখা দিচ্ছে। অন্যদিকে, ৭২ জন অপারেটরকে মূল দায়িত্বের বাইরে নানা কাজে লাগানো হচ্ছে। জেলা কার্যালয়ে যুক্ত অপারেটরেরা করণিকের কাজ করছেন। কেউ কেউ আদালতে মাদকের প্রসিকিউটরদের সহযোগিতা করছেন। কাউকে আবার মাঠপর্যায়ে মাদকবিরোধী অভিযানে নিয়ে যাওয়া হচ্ছে।

সার্বিক বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. হাসান মারুফ গত শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরই ওয়াকিটকি সচল করার উদ্যোগ নিয়েছি। ঢাকায় কার্যক্রম চালুর পাশাপাশি সারা দেশে নেটওয়ার্ক চালু করতে একটি ছোট কমিটি গঠন করেছি। খুব দ্রুতই এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’

তবে অধিদপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন, মূলত পুলিশ টেলিকমের সহযোগিতা না থাকায় সমস্যা জট পাকিয়ে রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ওয়াকিটকির জন্য ২০১৬ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) থেকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর অধিদপ্তর রংপুর, বরিশাল, ময়মনসিংহ, পাবনা, দিনাজপুরসহ কয়েকটি জেলায় পুলিশের টাওয়ারে ডিএইচএফ রিপিটার বসানোর অনুমতি চায়। পুলিশ শর্ত সাপেক্ষে অনুমতিও দেয়। কিন্তু সেই অনুমতির প্রায় এক দশক পরও জেলা পুলিশের টাওয়ারের রিপিটার বসানোর জন্য মাদক অধিদপ্তরকে কোনো ধরনের সহযোগিতা করে না পুলিশের টেলিকম বিভাগ। ঠিক কোন কারণে এমন অসহযোগিতা, তা অধিদপ্তর জানে না বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরাঞ্চলের এক জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) বলেন, ‘পুলিশ অনেক সংস্থার রিপিটার বসাতে দিয়েছে। কিন্তু মাদকদ্রব্য অধিদপ্তরের ক্ষেত্রে দেয়নি। কয়েকটি জেলায় টাওয়ারের একদম নিচে বসানোর অনুমতি পাওয়া গেলেও সেখানে ফ্রিকোয়েন্সি না মেলায় কোনো কাজ হয় না।’

টাওয়ার ও ফ্রিকোয়েন্সি সমস্যার বিষয়টি স্বীকার করেছেন মাদক অধিদপ্তরের ডিজি হাসান মারুফও। তিনি বলেন, ‘টাওয়ার ও ফ্রিকোয়েন্সির সমস্যা এখনো আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যেন দেশব্যাপী ওয়াকিটকি সচল করা যায়।’

অন্যদিকে পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে দাপ্তরিক জটিলতা বলেই ব্যাখ্যা করা হচ্ছে। পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম বলেন, ‘এটি পুরোপুরি দাপ্তরিক বিষয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পেছনে অবশ্যই কিছু কারণ আছে। বিস্তারিত আলোচনা করেই সমাধান বের করতে হবে।’

অধিদপ্তরের অভ্যন্তরীণ তথ্য বলছে, প্রথম দিকে কয়েকটি করে ওয়াকিটকি ব্যবহার করার কথা থাকলেও ২০১৮-১৯ সালে মাঠপর্যায়ে ব্যবহারের জন্য সর্বমোট ২৯২টি ওয়াকিটকি সরবরাহ করা হয়। কিন্তু অধিকাংশ যন্ত্র শুরু থেকেই অচল। ঢাকার এক সহকারী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অভিযান পরিচালনার সময় ফোর্স কম, গাড়ি কম—এ অবস্থায় একমাত্র আশা-ভরসা ছিল ওয়াকিটকির ওপর। সেটা এখনো অকেজো। জরুরি মুহূর্তে যোগাযোগ করার কোনো উপায় থাকে না।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশ টেলিকম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দীর্ঘদিন ধরে রিপিটার বসানোর ক্ষেত্রে অসহযোগিতা করায় নিজেদের জন্য ঢাকা, রাজশাহী ও টেকনাফে কয়েক কোটি টাকা ব্যয়ে তিনটি টাওয়ার স্থাপন করে মাদক অধিদপ্তর; কিন্তু সেগুলো এখনো নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হয়নি।

অভিযানগুলোতে তদারকির দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, ‘ওয়াকিটকি না থাকায় আমরা বাধ্য হয়ে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করি। কখনো অপরিচিত প্ল্যাটফর্মেও যোগাযোগ করতে হয়, যা নিরাপত্তাঝুঁকি বাড়ায়। জরুরি মুহূর্তে সহকর্মীদের ডাকার সুযোগও হচ্ছে না।’

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা মনে করেন, পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিচালক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশেরই কর্মকর্তা হওয়ায় এই টানাপোড়েন দূর করতে ব্যর্থতার দায় তাঁর ওপরও বর্তায়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন বুধবার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে পরদিন বুধবার এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, জার্মান অ্যাভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে এ সংক্রান্ত ফ্লাইট শিডিউল দাখিল করেছে। এতে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। বেবিচক ইতিমধ্যে আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বেবিচকের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর কাতার সরকার এফএআই অ্যাভিয়েশন গ্রুপের কাছ থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।

ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) মডেলের। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত এই মডেলটি তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরদের দ্বারা পরিচালিত বিমানটি ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী বলে জানিয়েছে বেবিচক সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জাতীয় স্কাউট ভবনে শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জাতীয় স্কাউট ভবনে শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ শনিবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

শিক্ষা উপদেষ্টা ড. আবরার তাঁর বক্তব্যে স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে বলেন, ‘স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।’

জুলাই আন্দোলনে স্কাউটদের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট ও আহত ব্যক্তিদের আত্মত্যাগ আমাদের নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।’

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে প্রথম সারিতে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্য তুলে ধরে ড. আবরার বলেন, ‘বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে; এটি আমাদের গর্ব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত।’

বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা উপদেষ্টা স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা আর মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে; এটাই দেশের প্রত্যাশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯৯০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অভিযোগে আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, একটি ক্ষুর, চারটি হাঁসুয়া, দুটি রামদা, দুটি চাপাতি, একটি চাকু, দুটি ককটেল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার এবং দুটি গুলির খোসা।

শাহাদাত হোসাইন বলেন, এ ধরনের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

তফসিল ঘোষণার দিন এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

বাসস, ঢাকা  
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন ‘শতভাগ প্রস্তুত’ থাকলেও তফসিল ঘোষণার তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আমি আজ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিংয়ে ছিলাম। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ এই পর্যায়ে ইসি কতভাগ প্রস্তুত, এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখন আমরা শতভাগ প্রস্তুত।’

এ সময় তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এখনো পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি।’

এর আগে ২৯ নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত