
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খান। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত তদন্ত ও বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। সরকারকে অবিলম্বে কার্যকর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রখ্যাত তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভের ধারাবাহিকতায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় এবং ছায়ানট ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। একই সময়ে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপরও হামলার ঘটনা ঘটে।
আইরিন খান বলেন, ‘এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। বিচারহীনতা দূর করতে এবং সংবাদমাধ্যম ও শিল্প-সাহিত্যের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই এসব ঘটনার পথ তৈরি করেছে।’ শরিফ ওসমান বিন হাদির পরিকল্পিত হত্যাকাণ্ডের পাশাপাশি তাঁর মৃত্যুর ঘোষণার পর সাংবাদিক ও শিল্পীদের লক্ষ্য করে সংগঠিত সহিংসতারও তিনি কঠোর নিন্দা জানান।
জাতিসংঘের এই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, জনরোষকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক—বিশেষ করে এমন সময়ে, যখন দেশ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘুদের কণ্ঠস্বর ও ভিন্নমতের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কয়েক শ সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অস্পষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে দীর্ঘ সময় নিবর্তনমূলকভাবে আটক রাখা হয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আইরিন খান বলেন, সরকার যদি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়, তবে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিক ও সুশীল সমাজের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...
২৬ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
৪ ঘণ্টা আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকেরা কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, বিএনপি সব সময় সাংবাদিক-বান্ধব। এই দল অতীতের মতোই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।’
৯ ঘণ্টা আগে