Ajker Patrika

ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা

আজকের পত্রিকা ডেস্ক­
ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে। এর মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় গ্যাস প্রবাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হবে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় একটি গভীর নলকূপ খননকালে এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। ঘটনার পরপরই বাপেক্সের দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়। তাঁরা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধকল্পে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসার সম্ভাবনা রয়েছে। যথানিয়মে আগুনের প্রবাহ হ্রাস না পেলে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণসহ গ্যাস প্রবাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হবে।

সতর্কতা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে পেট্রোবাংলা জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ,২ডি সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত