Ajker Patrika

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা জানাল ইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা জানাল ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো শেয়ার করব।’

৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ঠাকুরগাঁও-১ উপ নির্বাচন (২১ অগাস্ট শূন্য) ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। সেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর প্রস্তুতিও নিচ্ছি। আশা রাখি আমরা যে অল্প কিছুদিনের মধ্যেই শিডিউলটা ডিক্লোর করতে পারব।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, আসনটি শূন্য হওয়ার পর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম-৪ নিয়ে রায়ের কপির অপেক্ষা

চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এটা তো আদালতের বিচারাধীন। বিচারাধীনের বিষয়ে তো আপনি-আমি কিছু বলতে পারি না। সিদ্ধান্ত হোক, অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।’

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও চট্টগ্রাম-৪ আসনের ভোট নিয়ে আদালতের সিদ্ধান্ত ও রায়ের কপি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত