রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’ তখন সাংবাদিকেরা রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’ ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে।’
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা অবান্তর।’
প্রেস উইংয়ের ওই সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন মেনে সার্চ কমিটি গঠনের কথা জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ সার্চ কমিটি। সংস্কার এবং সার্চ কমিটি দুটো প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলছে।’
সার্চ কমিটির প্রসঙ্গ টেনে আজাদ মজুমদার বলেন, সার্চ কমিটি নিয়ে একটি আইন আছে। আইনে বলা হয়েছে, কারা কারা থাকবেন। যেহেতু আইনটি বলবৎ আছে। আইনের এখনো পরিবর্তন হয়নি। সার্চ কমিটি গঠন করতে হলে এই আইনটা অনুসরণ করেই করতে হবে। এই বাইরে অন্য কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করেছেন কি না জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ‘সেটা ব্যক্তিগতভাবে নাম চাইতেই পারে। আইনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করেই সার্চ কমিটি গঠন হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান কী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজাদ মজুমদার বলেন, ‘যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই পর্যালোচনা করবে।’ দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে বলেন, ‘প্রত্যেকের যৌক্তিক দাবিদাওয়া সরকার শুনবে এবং নির্দিষ্ট একটি চ্যানেলের মাধ্যমে দাবিগুলো জানানোর জন্য। সরকার প্রত্যেকটা দাবির প্রতি সহানুভূতিশীল।’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করাটা আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাঁকে চিনেন না, তখন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ (আইজিস ব্যাজ) প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে অবদানের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
দূষণ নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বায়ু, পানি ও বর্জ্য দূষণ কমাতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনে যুক্তরাজ্যের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদে মন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়। তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত ৯টি বিল পাস হয়েছে।
৪ ঘণ্টা আগে