
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কার দেশের সঙ্গে কার দেশের ঝগড়া, সেটা আমার দেখার দরকার নেই। নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। উন্নয়নে যারা সহযোগিতা করবে, আমি তাদের নিয়েই চলব। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি।’
আজ রোববার গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় শান্তি চাই, যুদ্ধ চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি।’
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, এই বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। ১৫ আগস্টের পর আমাদের যেভাবে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে, আর যেন এটা না করতে পারে কেউ, সে জন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে।’
নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে। এখন হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদের বলব, লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া, নিজেকেও তৈরি করতে পারবা না, দেশকেও তৈরি করতে পারবা না।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছোট্ট সোনামণি, আমাদের নতুন প্রজন্ম তোমরাই একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের পথচলা আমাদের খুঁজে বের করতে হবে, আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেভাবেই কিন্তু নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনো দিন একটা জাতিকে দারিদ্র্য থেকে মুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সব থেকে বড় অর্জন। তোমাদের তৈরি হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়। বাংলাদেশ যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে উঠবে; তোমাদেরই তা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা কারও কাছে হাত পেতে চলব না। নিজের মর্যাদা নিয়ে চলব। আত্মমর্যাদাবোধ নিয়ে চলব—এটাই আমাদের মাথায় সব সময় রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ১৯৭৫ সালে আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম।
সঠিক ইতিহাস জানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, আজকে সেই ইতিহাস বিকৃতি ধীরে ধীরে মুছে গেছে। এখন সঠিক তথ্যটা চলে এসেছে।

এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
২৯ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্যপদে পরিবর্তন এসেছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তার দপ্তর ও দায়িত্বে রদবদল করা হয়েছে।
২ ঘণ্টা আগে