Ajker Patrika

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত হলো আজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২০: ১৯
সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত হলো আজ
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের গঠিত এ-সংক্রান্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংসদ সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় সংসদ সচিবালয়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে পিএসসির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য ২০২৬ সালের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহবুবুল আলম ও শাম্মী আক্তার। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশ নেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত